Soumitra Khan: ‘যুব সমাজের মেরুদণ্ড ভেঙেছেন ব্রাত্য’, প্রাক্তন শিক্ষামন্ত্রীকে তীব্র আক্রমণ সৌমিত্রর

Soumitra Slams Former Education Minister Bratya
Soumitra Slams Former Education Minister Bratya

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  প্রাক্তন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। তাঁর অভিযোগ, ব্রাত্য বসুর আমলে রাজ্যের যুব সমাজের ভবিষ্যৎ কার্যত ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হয়েছে। যুবসমাজের মেরুদণ্ড ভেঙে দেওয়ার এই ঘটনার বিচার একদিন হবেই বলেও হুঁশিয়ারি দেন তিনি। পাশাপাশি, তৃণমূলের একাংশের নেতা ও মন্ত্রীদের বিরুদ্ধে শিক্ষিত মহিলাদের অপব্যবহারের অভিযোগ তুলেও সরব হন সৌমিত্র খাঁ। তাঁর দাবি, নিজেদের উচ্চবিত্ত বা ‘হাই সোসাইটি’র প্রতিনিধি বলে পরিচয় দেওয়া তৃণমূলের একাধিক নেতা-মন্ত্রীর বিরুদ্ধে শিক্ষিত মহিলাদের শারীরিক ও মানসিকভাবে হেনস্থা করার অভিযোগ উঠেছে। এই সংক্রান্ত অভিযোগও দায়ের হয়েছে বলে জানান তিনি। তাঁর বক্তব্য, সমস্ত অভিযোগের যথাযথ তদন্ত হওয়া প্রয়োজন এবং দোষীদের একদিন বিচারের মুখোমুখি হতেই হবে। 

সম্প্রতি ধর্ষণ, যৌন হেনস্তা, দুর্নীতি ও অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে ইন্দ্রনীল সেন এবং ব্রাত্য বসুর বিরুদ্ধে জিরো এফআইআর দায়ের হয়েছে। বাগুইআটি থানার তরফে অভিযোগগুলি সংশ্লিষ্ট থানায় পাঠিয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, ইতিমধ্যে ধর্ষণ এবং যৌন হেনস্তার ঘটনায় নির্যাতিতা তরুণীর গোপন জবানবন্দি নিয়েছে পুলিশ। যদিও এহেন অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। তবে এহেন অভিযোগ সামনে আসতেই সরগরম রাজ্য-রাজনীতি। এরপরেই এদিন ব্রাত্য বসুকে নিশানা করলেন বিজেপি সাংসদ। 

প্রাক্তন শিক্ষামন্ত্রীকে একহাত নিয়ে সৌমিত্র খাঁ বলেন, তৃণমূলের সমস্ত কিছু গ্রহণ করার পর এখন পরিস্থিতি বদলাতেই সেই দলকে বর্জ্য পদার্থ বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা চলছে। তবে তৃণমূল থাকবে কি থাকবে না, তা নিয়ে ব্রাত্য বসু কী বলছেন, তাতে কিছু যায় আসে না বলেই মন্তব্য বিজেপি সাংসদের। তাঁর স্পষ্ট বার্তা, ব্রাত্য বসু এবং তাঁর লোকজন যে ভাবে যুব সমাজের মেরুদণ্ড ভেঙে দিয়েছেন, তার বিচার একদিন হবেই। এদিকে তৃণমূলের নেতাদের বিজেপিতে যোগদানের সম্ভাবনা নিয়ে প্রশ্ন উঠতেই সৌমিত্র বলেন, ”বিজেপি একটি বড় রাজনৈতিক দল। সিদ্ধান্ত কেন্দ্রীয় নেতৃত্বের হাতেই। কেন্দ্রীয় সভাপতি নিতিন নবীন যে সিদ্ধান্ত নেবেন, সেটাই তাঁদের সিদ্ধান্ত।” একসময় বিজেপিকে ‘ওয়াশিং মেশিনের দল’ বলে কটাক্ষ করত তৃণমূল। সেই প্রসঙ্গেও আক্রমণ শানিয়েছেন সৌমিত্র খাঁ। তাঁর দাবি, যাঁরা একসময় বিজেপিকে ওয়াশিং মেশিন বলে আক্রমণ করতেন, তাঁরাই এখন গেরুয়া শিবিরে আসার জন্য বেশি তৎপর হয়ে উঠেছেন। বর্তমান পরিস্থিতিতে সেই সম্পদ এবং নিজেদের ভবিষ্যৎ কীভাবে সুরক্ষিত রাখা যায়, তা নিয়েই চিন্তায় রয়েছেন অনেকে। 

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…