
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: রাজ্যের দায়িত্বভার গ্রহণের পর থেকেই আদিবাসী সম্প্রদায়ের উন্নয়ন এবং শিক্ষার প্রসারে বিশেষ গুরুত্ব দিয়েছে নতুন সরকার। হুল দিবস উপলক্ষে বাঁকুড়ার মঞ্চ থেকে আদিবাসী আবাসিক পড়ুয়াদের জন্য বড় ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হস্টেলে থাকা পড়ুয়াদের মাসিক থাকা-খাওয়ার ভাতা ১,৮০০ টাকা থেকে বাড়িয়ে ৩,৩০০ টাকা করার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। সেই বর্ধিত ভাতার সুফল পড়ুয়ারা ঠিকমতো পাচ্ছেন কি না, তা নিজের চোখে খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী। আলিপুরদুয়ারে প্রশাসনিক বৈঠকের ফাঁকে আবাসিক পড়ুয়াদের সঙ্গে সরাসরি কথা বলে তাঁদের খাবারের গুণগত মান এবং পরিমাণ সম্পর্কে খোঁজখবর নেন তিনি। পাশাপাশি লোকনাথপুর আশ্রম পরিদর্শনের পর রাজ্যের ৩২৪টি আদিবাসী ছাত্রাবাসের প্রতিনিধিদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকও করেন শুভেন্দু। মূলত পড়ুয়াদের জন্য বরাদ্দ অর্থের যথাযথ ব্যবহার এবং হস্টেলের পরিষেবার মান নিশ্চিত করতেই মুখ্যমন্ত্রীর এই উদ্যোগ।
নতুন সরকারের আমলে স্কুলের মিড ডে মিলে বরাদ্দ বাড়িয়েছে সরকার। ইসকনের তত্ত্বাবধানে পড়ুয়াদের সুষম আহারের ব্যবস্থা করা হয়েছে। আদিবাসী পড়ুয়াদের সুহৃদ শুভেন্দু সরকার। যারা হস্টেলে থেকে পড়াশোনা করেন, তাদের জন্য আগস্ট মাস থেকেই বরাদ্দ বাড়িয়ে মাথাপিছু ৩৩০০ টাকা দেওয়া হয়েছে। কিন্তু সরকারি তরফে বরাদ্দ বাড়লেও, তার উপকারিতা পড়ুয়ারা পাচ্ছেন কি না, তা খতিয়ে দেখতে এবার উদ্যোগী হলেন খোদ মুখ্যমন্ত্রী। লোকনাথপুর গার্লস হস্টেলে প্রশাসনিক বৈঠকের পর নিজেই খোঁজ নেন হস্টেল ওয়ার্ডেনদের থেকে। তবে এখানেই থামেননি মুখ্যমন্ত্রী। বরাদ্দ অর্থের সঠিক ব্যবহার হচ্ছে কি না, তার সত্যতা যাচাইয়ে কথা বলেন হস্টেলের খুদে আবাসিকদের সঙ্গেও। মঞ্চ থেকে পঞ্চম শ্রেণির এক পড়ুয়াকে ডেকে তিনি জিজ্ঞাসা করেন খাবারের পরিমাণ ও গুণগত মান সঠিক আছে কি না, পড়ুয়ারা সব প্রশ্নের উত্তরে ইতিবাচক জবাব দিতেই, খানিক হেসে শুভেন্দু বলেন, “পাশ থেকে কেউ শিখিয়ে দিচ্ছে না তো?” এরপর খানিক হেসে মুখ্যমন্ত্রী হস্টেল ওয়ার্ডেনদের মনে করিয়ে দেন পড়ুয়াদের খাবারের সঙ্গে কোনও আপস বরদাস্ত করবে না সরকার।
আলিপুরদুয়ারে প্রশাসনিক বৈঠকে আবাসিক পড়ুয়াদের সঙ্গে কথা বলার সময় তাঁদের কাছে গান শোনার আবদার করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভার্চুয়াল বৈঠকে একটি আদিবাসী হস্টেলের পড়ুয়ারা নিজেদের মাতৃভাষায় সমবেত সংগীত পরিবেশন করে শোনায় তাঁকে। পড়ুয়াদের সেই পরিবেশনায় মুগ্ধ হয়ে প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে রাজ্যের প্রতিটি আদিবাসী হস্টেলে সাংস্কৃতিক চর্চার পরিসর আরও বাড়াতে বাদ্যযন্ত্র দেওয়ার কথা ঘোষণা করেন তিনি। রাজ্যের ৩২৪টি আদিবাসী হস্টেলে হারমোনিয়াম-সহ প্রয়োজনীয় বাদ্যযন্ত্র পাঠানোর জন্যও নির্দেশ দেন শুভেন্দু। বৈঠক শেষ করে তিনি সরেজমিনে লোকনাথপুর গার্লস হস্টেল পরিদর্শন করেন। সেখানে আবাসিকদের শয়নকক্ষ থেকে শুরু করে খাবারঘর ঘুরে দেখার পাশাপাশি হস্টেলের সামগ্রিক পরিষেবা নিয়ে আধিকারিকদের সঙ্গেও কথা বলেন মুখ্যমন্ত্রী।
