
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: দোরগোড়ায় শীত, আর শীত মানেই পিঠেপুলির মরশুম। চালের গুঁড়ো, নারকেল কিংবা সুজি—ঘরে থাকা সামান্য উপকরণেই সহজে তৈরি করতে পারেন মুখরোচক তিন ধরনের পিঠে। রইল তিনটি সহজ প্রণালী।
চিতই পিঠে— চালের গুঁড়ো ১ কাপ, আধ কাপ নারকেল কোরা, ঘি ২ টেবিলচামচ, নুন স্বাদমতো, গরম জল এককাপ নিয়ে নিন। আতপ চালের গুঁড়ো, নারকেলকোরা, নুন ও গরম জলের সঙ্গে কিছুটা ঘি মিশিয়ে ঘন মিশ্রণ বানিয়ে নিন। ঢাকা-সহ মাটির সরা বসান গ্যাস অভেনে। সরা গরম হলে সরার গায়ে ঘি মাখিয়ে নিন। এ বার এক হাতা মিশ্রণ গরম সরার মাঝে বসান। উপর থেকে চাপা দিন মাটির পাত্র দিয়ে। উপর থেকে জলের ছিটে দিতে থাকুন। মিনিট পাঁচেক ভাপিয়ে নিয়ে ঢাকা খুলে খুন্তি দিয়ে আলগা করে তুলে নিন।
নারকেল-সুজির পিঠে— কড়ায় আধ কাপের মতো গুড় ও এককাপ নারকেলকোরা দিয়ে নেড়ে নিন। অন্য একটি পাত্রে জল ফুটিয়ে তাতে এককাপ সুজি ও আধ কাপ চালের গুঁড়ো দিয়ে ভাল করে নেড়ে নিন। মিশ্রণটি শুকিয়ে গেলে হাত দিয়ে মেখে নিন। এ বার ছোট লেচি কেটে তার মধ্যে নারকেলের পুর ভরে পুলির আকারে গড়ে নিন। কড়াইয়ে তেল গরম করে মাঝারি আঁচে সোনালি করে ভেজে নিন।
চালের গুঁড়ো ও সুজির পিঠে— চালের গুঁড়ো আধ কাপ, সুজি আধ কাপ, নারকেলকোরা ১ কাপ, চিনি বা গুড় পরিমাণমতো, মৌরি নিয়ে নিন। সমস্ত উপকরণ একসঙ্গে সামান্য জল ও গুড় দিয়ে মেখে একটু ঘন মিশ্রণ তৈরি করুন। কড়ায় তেল গরম করে ছোট ছোট বড়ার আকারে ভেজে নিন। বাইরেটা মুচমুচে ও ভিতরটা নরম হবে। এই পিঠে খেতে খুবই সুস্বাদু হবে।
