Cooking

1 hour ago

Healthy Dessert: পুজোর আগে ডায়েটে থেকেও মিষ্টি? বানিয়ে ফেলুন কম ক্যালোরির চকোলেট ব্রাউনি

Chocolate Brownie
Chocolate Brownie

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: পুজোর আগে ওজন ঝরানোর তাগিদে অনেকেই পছন্দের খাবার থেকে দূরে থাকেন। তেল-মশলা বা মিষ্টি এড়িয়ে চলে শুরু করেন কড়া ডায়েট। কিন্তু তাই বলে মনপসন্দ খাবারের স্বাদ একেবারেই বাদ দিতে হবে, এমন নয়। মাঝে মধ্যে পরিমাণ বুঝে ‘চিট মিল’ রাখা যেতে পারে। বিশেষ করে মিষ্টি খেতে ভালোবাসেন যাঁরা, তাঁদের জন্য রইল একটু অন্যরকম একটি চকোলেট ব্রাউনির রেসিপি।  চকোলেটের স্বাদে মুখর এই স্বাস্থ্যকর ব্রাউনি কীভাবে তৈরি করবেন, রইল তার সহজ রেসিপি। জেনে নিন প্রয়োজনীয় উপকরণ এবং তৈরির পদ্ধতি।

* উপকরণ—

কলা – ১টি

কোকো পাউডার – ২ টেবিলচামচ

ওটস – অর্ধেক কাপ

ডিম – ১টি

বেকিং পাউডার – অর্ধেক চা-চামচ

ভ্যানিলা এসেন্স – অর্ধেক চা-চামচ

সামান্য নুন

প্রয়োজনমতো জল বা দুধ

ক্যালোরি-ফ্রি সুইটনার

* কীভাবে বানাবেন?

প্রথমে হাত বা চামচ দিয়ে কলাটি ভালো করে চটকে নিন। এবার এর সঙ্গে ডিম ও ভ্যানিলা এসেন্স মিশিয়ে নিন। ডিম আগে থেকেই ফেটিয়ে রাখতে পারলে ভালো, নয়তো ডিমের মধ্যে জমাট অংশ রয়ে যেতে পারে।

এই ব্রাউনি স্বাস্থ্যকর করতে, তাতে ময়দার বদলে ওটস ব্যবহার করা হবে। তাই মেশানোর আগে আলাদা করে ওটস মিহি গুঁড়ো করে নিতে হবে। অন্য একটি পাত্রে গুঁড়ো ওটস নিয়ে, তার সঙ্গে কোকো পাউডার, বেকিং পাউডার ও সামান্য নুন মিশিয়ে নিন। চালুনি জাতীয় কোনও সরঞ্জাম থাকলে তাতে সবটা একবার চেলে নেওয়া যেতে পারে, এতে কোনও গোটা দানাভাব রয়ে গেলে, তা মেশানোর আগেই বাদ পড়ে যায়।

এবার শুকনো উপকরণগুলি কলা ও ডিমের মিশ্রণের সঙ্গে ভালোভাবে মেশান। যদি এ কাজে হ্যান্ডব্লেন্ডার ব্যবহার করেন, তবে দ্রুত হাত নাড়াতে হবে যাতে জমাট অংশ না থেকে যায়। ব্যাটার খুব ঘন হয়ে গেলে সামান্য জল বা দুধ যোগ করতে পারেন। এই পর্যায়ে প্রয়োজনমতো ক্যালরি-ফ্রি সুইটনার মেশান। 

একটি ছোট বেকিং ট্রে-তে পার্চমেন্ট পেপার বিছিয়ে ব্যাটার সমানভাবে ঢেলে দিন। আগে থেকে গরম করে রাখা ওভেনে প্রায় ১৮০ ডিগ্রি সেলসিয়াসে ১৫–২০ মিনিট বেক করুন। ব্রাউনি পুরোপুরি শুকিয়ে না গিয়ে মাঝখানে সামান্য নরম থাকতেই নামিয়ে নিন। ঠান্ডা হওয়ার পর ছোট ছোট টুকরো করে কেটে পরিবেশন করুন।  

You might also like!