Chitrakoot Accident | চিত্রকূটে ট্র্যাক্টর ট্রলি উল্টে বিপত্তি! নিহত ৪, আহত ১২ জন

Chitrakoot Accident
Chitrakoot Accident

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:দীপাবলির মেলা দেখে বাড়ি ফেরার পথে উত্তর প্রদেশের চিত্রকূটে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন চার পুণ্যার্থী। আহত হয়েছেন আরও অন্তত ১২ জন। রবিবার গভীর রাতে চিত্রকূটের ঝাঁসি-মির্জাপুর জাতীয় সড়কে রামনগর গ্রামের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে পুণ্যার্থীবোঝাই একটি ট্র্যাক্টর ট্রলি উল্টে গেলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত ট্র্যাক্টর-ট্রলিটি মধ্যপ্রদেশের নম্বর প্লেটযুক্ত ছিল। ট্রলিতে সওয়ার অধিকাংশ পুণ্যার্থীই প্রয়াগরাজ এবং মধ্যপ্রদেশের রেওয়ার বাসিন্দা। তাঁরা সকলেই চিত্রকূটে ঐতিহ্যবাহী দীপাবলি মেলায় অংশ নিতে এসেছিলেন এবং মেলা শেষে নিজেদের গন্তব্যে ফিরছিলেন। ঝাঁসি-মির্জাপুর জাতীয় সড়কের ওপর রামনগর গ্রামের কাছাকাছি পৌঁছলে আচমকাই ট্র্যাক্টরের সঙ্গে ট্রলিটিকে যুক্ত রাখা লোহার হুকটি ভেঙে আলগা হয়ে যায়। এর ফলে ট্র্যাক্টর থেকে ট্রলিটি বিচ্ছিন্ন হয়ে রাস্তার পাশে উল্টে খাদে পড়ে যায়।

চিত্রকূটের জেলাশাসক (ডিএম) পুলকিত গর্গ দুর্ঘটনার বিস্তারিত জানিয়ে বলেন, "ট্র্যাক্টর ও ট্রলির সংযোগকারী হুকটি ছিঁড়ে আলাদা হয়ে যাওয়ার ফলেই ট্রলিটি রাস্তার পাশে উল্টে যায়। ঘটনাস্থলেই চারজন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন মোট ১২ জন, যাঁর মধ্যে পাঁচজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক এবং সাতজন সামান্য চোট পেয়েছেন।"

তিনি আরও জানান, দুর্ঘটনার খবর পেয়েই পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে নিকটবর্তী রামনগর কমিউনিটি হেলথ সেন্টারে (সিএইচসি) নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর আশঙ্কাজনক পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুল্যান্সে করে প্রয়াগরাজে স্থানান্তর করা হয়েছে। মৃত চারজনের দেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর জাতীয় সড়কে সাময়িক যান চলাচল ব্যাহত হলেও পুলিশি তৎপরতায় দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…