
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ‘ধুরন্ধর’ ছবির জনপ্রিয় গান ‘শরারত’-এর হাত ধরে বর্তমানে সঙ্গীতপ্রেমীদের আলোচনার কেন্দ্রে গায়িকা জৈসমীন সৈন্ডলাস। তাঁর কণ্ঠে একের পর এক জনপ্রিয় গান ইতিমধ্যেই শ্রোতাদের মন জয় করেছে। এ বার সেই জনপ্রিয় গায়িকাকে সরাসরি শোনার সুযোগ পেতে চলেছেন কলকাতার দর্শকরা। প্রথমবার শহরে অনুষ্ঠান করতে আসছেন জৈসমীন। তাঁকে ঘিরেই ১২ ডিসেম্বর আয়োজিত হতে চলেছে ‘ইউনিটি কনসার্ট সিজ়ন ২’।
কলকাতার অ্যাকোয়াটিকায় বসবে এই বিশেষ সঙ্গীতের আসর। বিকেল ৫টা থেকে শুরু হয়ে অনুষ্ঠান চলার কথা রাত সাড়ে ৯টা পর্যন্ত। আয়োজকদের দাবি, জৈসমীনের প্রথম কলকাতা সফর ঘিরে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে যথেষ্ট উৎসাহ তৈরি হয়েছে। শুরু হয়ে গিয়েছে টিকিট বিক্রিও। আয়োজক সংস্থার কর্ণধার সম্বুদ্ধ ঘোষ জানিয়েছেন, পঞ্জাবি গানের জনপ্রিয়তা এবং শিল্পীর একাধিক হিট গানের কারণে ভালো সাড়া পাওয়া যাচ্ছে। কনসার্টে অংশ নেওয়ার জন্য টিকিটের সর্বনিম্ন মূল্য রাখা হয়েছে ৯৯৯ টাকা। অন্যদিকে, সর্বোচ্চ দামের টিকিটের মূল্য ১৫ হাজার টাকা। দর্শকদের জন্য সিলভার, গোল্ড, প্লাটিনাম, ফ্যানপিট, ভিআইপি, লাউঞ্জ এবং গুলাবি লাউঞ্জ-সহ একাধিক বিভাগ রাখা হয়েছে। আয়োজকদের অনুমান, অনুষ্ঠান দেখতে প্রায় ১০ হাজার মানুষের সমাগম হতে পারে।
বড় মাপের এই কনসার্টে নিরাপত্তার বিষয়টিও বিশেষ গুরুত্ব পাচ্ছে। আয়োজক সংস্থার তরফে জানানো হয়েছে, পুলিশ ও দমকলের প্রয়োজনীয় অনুমতি পাওয়ার প্রক্রিয়া চলছে। পাশাপাশি, অনুষ্ঠানের জন্য বিমার ব্যবস্থাও রাখা হচ্ছে। নিরাপত্তার দায়িত্বে থাকবেন বেসরকারি নিরাপত্তারক্ষীরা। প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে বলেও জানিয়েছেন আয়োজক সম্বুদ্ধ ঘোষ।
এদিকে, জৈসমীনের কলকাতা সফরের প্রাথমিক সূচিও তৈরি। আগামী ১১ ডিসেম্বর অসমের গুয়াহাটিতে একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সেখান থেকে ১২ ডিসেম্বর সকাল সাড়ে ১০টা নাগাদ কলকাতায় পৌঁছনোর কথা। শহরে থাকাকালীন একটি বিলাসবহুল হোটেলে তাঁর থাকার ব্যবস্থা করা হয়েছে। ১৩ ডিসেম্বর কলকাতা ছাড়বেন গায়িকা। এই অনুষ্ঠানে টলিউডের একাধিক পরিচিত মুখের উপস্থিতির সম্ভাবনাও রয়েছে। বাংলা বিনোদন জগতের শিল্পী, বিশিষ্ট ব্যক্তিত্বের পাশাপাশি সাংসদ ও বিধায়কদের আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে আয়োজকদের। যদিও কারা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, সে বিষয়ে এখনও চূড়ান্ত ঘোষণা হয়নি।

উল্লেখ্য, ২০১৪ সালে সলমন খান অভিনীত ‘কিক’ ছবির ‘ইয়ার না মিলে’ গানের মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন জৈসমীন। তার আগেই পঞ্জাবি পপ গানের জগতে নিজের পরিচিতি তৈরি করেছিলেন লুধিয়ানার এই গায়িকা। সম্প্রতি ‘ধুরন্ধর’ ছবির একাধিক গানে তাঁর কণ্ঠ শ্রোতাদের বিশেষভাবে আকৃষ্ট করেছে। ‘শরারত’-এর পাশাপাশি ‘জাইয়ে সজনা’, ‘ইয়ার না মিলে’, ‘তরস’ এবং ‘সিপ সিপ’-এর মতো গানও জনপ্রিয়। সব মিলিয়ে, ডিসেম্বরের কলকাতার সঙ্গীতপ্রেমীদের জন্য জৈসমীনের এই প্রথম লাইভ অনুষ্ঠান হতে চলেছে অন্যতম আকর্ষণ।
