Madras High Court: ‘শাসকের নয়, রাষ্ট্রের সেবা করুন’, তামিলনাড়ু পুলিশকে কড়া বার্তা মাদ্রাজ হাই কোর্টের

Madras High Court grants bail to DMK leader in CM abuse case
Madras High Court grants bail to DMK leader in CM abuse case

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা টিভিকে প্রধান সি জোসেফ বিজয়ের বিরুদ্ধে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগে সম্প্রতি একাধিক বিরোধী দলনেতার বিরুদ্ধে পদক্ষেপ করেছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করেই পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করল মাদ্রাজ হাই কোর্ট। নতুন করে বিজয়ের বিরুদ্ধে ‘অবমাননাকর’ মন্তব্য করার অভিযোগ উঠেছে এক ডিএমকে কাউন্সিলরের বিরুদ্ধে। সেই মামলায় আগাম জামিনের আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হন তিনি। মামলার শুনানিতে মাদ্রাজ হাই কোর্ট স্পষ্ট জানায়, পুলিশের কাজ শাসক দলের সেবা করা নয়, বরং রাষ্ট্রের প্রতি দায়িত্ব পালন করা। সংবিধান মেনে প্রশাসন পরিচালিত হচ্ছে কি না, তা নিশ্চিত করতে পুলিশ বাহিনীকে নিরপেক্ষ থাকতে হবে। আদালতের এই পর্যবেক্ষণ ঘিরে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। পুলিশের ভূমিকা নিয়ে এমন মন্তব্যে অস্বস্তিতে শাসক শিবির টিভিকে। 

বৃহৎ চেন্নাই পুরনিগমের ৯৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ডিএমকে নেতা এম সুধার আগাম জামিনের আর্জির মামলাটি উঠেছিল বিচারপতি এন রমেশের বেঞ্চে। আবেদনকারীর জামিনে মঞ্জুর করার পাশাপাশি বিচারপতি মন্তব্য করেন, “রাজনৈতিক আলোচনা এখন অনেকাংশে সামাজিক যোগাযোগমাধ্যমেই হয়। এটি সর্বজনবিদিত, প্রধান রাজনৈতিক দলগুলি, যার মধ্যে ক্ষমতায় থাকা দলটিও অন্তর্ভুক্ত, সামাজিক মাধ্যমে সক্রিয়, এর জন্য তাদের ‘আইটি উইং’ কাজ করে। এদের কার্যক্রমের মধ্যে রয়েছে প্রতিপক্ষকে ‘ট্রল’ করা এবং তাদের বিরুদ্ধে আদর্শগত, রাজনৈতিক ও ব্যক্তিগত আক্রমণ চালানো।” এই ঘটনা এখন সাধারণ। 

এটুকুতেই না থেমে তামিলনাড়ু পুলিশকে দায়িত্ব স্মরণ করিয়ে দিয়েছেন বিচারপতি এন রমেশ। তিনি মন্তব্য করেন, “শাসক এবং বিরোধী দলের প্রতি নিরপেক্ষ আচরণ করাটা পুলিশের কোনও সৌজন্য নয়। এটা তাদের কর্তব্য, অন্যতম সাংবিধানিক শর্ত।” হাই কোর্ট মন্তব্য করে, “পুলিশ কাজ রাষ্ট্রের সেবা করা, শাসক দলের নয়। কারণ রাষ্ট্রই চিরস্থায়ী, সরকারে ক্ষমতাসীন দল বদলাতে থাকে।” আদালতের পর্যবেক্ষণ, রাজনৈতিক দলগুলি একে অপরকে হামেশাই ‘ট্রোল’ করে থাকে। কিন্তু এসব ক্ষেত্রে বিরোধী দলের কোনও নেতার বিরুদ্ধে অভিযোগ উঠলে পুলিশ যতটা দ্রুততার সঙ্গে পদক্ষেপ করে, শাসকদলের ক্ষেত্রে তেমনটা হয় না— এমন অভিযোগ প্রায়ই শোনা যায়। এদিন আদালত পুলিশের প্রকৃত মূল্যায়ণও ব্যাখ্যা করে। বিচারপতি মন্তব্য করেন, সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে ভিআইপিদের ব্যক্তিদের সঙ্গে কেমন আচরণ করছেন, সেটা মূল্যায়নের মাপকাঠি নয়। বরং যখন আশপাশে কেউ নেই, তখন সাধারণ মানুষের সঙ্গে পুলিশ কী আচরণ করছে, সেটাই মূল্যায়ণের মাপকাঠি হওয়া উচিত। এইসঙ্গে হাই কোর্ট অবশ্য জানিয়েছে, ডিএমকে কাউন্সিলরের মামলায় পুলিশ যে শাসকদল টিভিকে-র নির্দেশ মতো কাজ করেছে, এমন কোনও প্রমাণ মেলেনি। 

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…