
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: রাহুল গান্ধীর পর এবার বামপন্থী ছাত্রনেত্রী নেহা বোরাকে ‘হিন্দুবিরোধী’ বলে আক্রমণ করল বিজেপি। সম্প্রতি ব্রাহ্মণ্যবাদ এবং ব্রাহ্মণ সমাজে মহিলাদের নিরাপত্তা নিয়ে নেহার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসে। সেই ভিডিওকে কেন্দ্র করেই তাঁকে তীব্র কটাক্ষ করেন বিজেপির জাতীয় মুখপাত্র প্রদীপ ভাণ্ডারি। তাঁর অভিযোগ, বাংলাদেশের ছাত্র আন্দোলনকে ‘অনুপ্রেরণা’ হিসেবে উল্লেখ করে নেহা নিজের হিন্দুবিরোধী মনোভাব প্রকাশ করেছেন। একই সঙ্গে বিজেপি নেতার দাবি, রাহুল গান্ধীকে আদর্শ মেনেই নেহা রাজনৈতিক পথে এগোচ্ছেন। এই মন্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে।
জাতীয় রাজনীতিতে নিজের গুরুত্ব বুঝিয়ে আইসা নেত্রী নেহা বোরা রীতিমতো জনপ্রিয় মুখ হয়ে উঠেছেন। জ্ঞানেশ কুমার বিরোধী যে কোনও কর্মসূচিতে সামনের সারিতে নেহাকে দেখা গিয়েছে। গত রবিবার দিল্লিতে বিরোধীদের মেগা সমাবেশে যোগ দিয়ে নিজের ঝাঁজাল সুরে বিজেপি বিরোধী বক্তব্য রেখেছেন আইসা সভানেত্রী। কিন্তু কী এমন বলেছেন, যাতে তাঁকে হিন্দুবিরোধী তকমা দিল বিজেপি? জানা গিয়েছে, সমাবেশের পর সংবাদমাধ্যমে নারী নিরাপত্তা নিয়ে নেহা বলেন, ‘‘ব্রাহ্মণ সমাজে মহিলারা আরও বেশি সুরক্ষাহীন। সেখানে মেয়েদের খাটো করে রাখা হয়। আর মন্দিরের আড়ালে যে নারী নির্যাতন হয়, তার প্রমাণ আমরা পেয়েছি উন্নাও, কাঠুয়ার ঘটনায়। খোদ পুরোহিতই ধর্ষণের মতো ঘটনায় জড়িত।”
এই বক্তব্যের ভিডিও ভাইরাল হতেই তোপ দাগতে শুরু করেছেন বিজেপির জাতীয় মুখপাত্র প্রদীপ ভাণ্ডারি। ভিডিওটি নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করে তাঁর অভিযোগ, বামনেত্রীর এসব কথায় রাহুল গান্ধীর প্রভাব স্পষ্ট। এ প্রসঙ্গে সনাতন ধর্ম সম্পর্কে ২০১৪ সালে কংগ্রেস নেতার বক্তব্যকে হাতিয়ার করেছেন তিনি। দিল্লিতে গণধর্ষণের একটি ঘটনা প্রসঙ্গে রাহুলের মন্তব্য ছিল, ‘‘ধর্ষণে যুক্তরাই মন্দিরে যায়, পুজো করে, সনাতন ধর্ম পালন করে।” পরেও তিনি বিজেপির অভিভাবক-সম রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে নারীবিরোধী বলে উল্লেখ করে বলেছিলেন, ‘‘পুরুষতান্ত্রিকতায় ভরা অগণতান্ত্রিক পরিবেশ। মেয়েদের সম্মান নেই।”
এসব কথা উল্লেখ করে প্রদীপ ভাণ্ডারির কড়া আক্রমণ, ‘‘কংগ্রেস পার্টি হিন্দুবিরোধী সন্ত্রাস ছড়ায়। সনাতন ধর্মের নিন্দা করে হিন্দুদের বিশ্বাসে আঘাত করেন দলের নেতারা। এতেই বোঝা যায়, তারা কতটা সাম্প্রদায়িক মানসিকতার। সম্প্রতি নেহা বোরার বাংলাদেশ মন্তব্যটা মনে আছে তো? এখন তো তিনি রাহুল গান্ধীর পোস্টার গার্ল।। কংগ্রেস-বাম সবাই আসলে হিন্দুবিরোধী, সংবিধান-বিরোধী, সনাতন-বিরোধী।” আসলে এই মুহূর্তে বিজেপির ‘সনাতন ধর্ম’ এবং বিরোধীদের ‘গেরুয়া দাপট’ রাজনৈতিক লড়াইয়ের অন্দরে ঢুকে পড়েছে। দু’পক্ষই একে অপরের বিরুদ্ধে একে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। এই আবহে কংগ্রেসের রাহুল গান্ধী ও বামনেত্রী নেহা বোরাকে একসারিতে এনে বিজেপি মুখপাত্র ‘হিন্দুবিরোধী’ তকমা দেওয়াটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ হয়ে উঠল।
Neha Bora poster girl of Rahul Gandhi displays her Hindu hate! Says-"Pujaris rape in temple" She is inspired from Rahul Gandhi who earlier had said "Mandiro main ladkiyon ke sath ched chad hoti hai". Congress Hates Hindus, loves vote bank! Congress Soch is a threat to India's unity!
— Pradeep Bhandari(प्रदीप भंडारी)🇮🇳 (@pradip103) November 3, 2026
