Bigg Boss Bangla: রাজবীরের চোখের জলে কি ধরা পড়ল সত্যিকারের প্রেম? মুখ খুললেন নন্দিনীর মা-বাবা

Rajveer-Nandini
Rajveer-Nandini

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ‘বিগ বস বাংলা’র ঘরে রাজবীর দে ও নন্দিনী দত্তর সম্পর্ক নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছে। অনেকেরই ধারণা, তাঁদের প্রেমের পুরো বিষয়টিই আসলে গেম প্ল্যানের অংশ। তবে নন্দিনীর বিদায়ের মুহূর্তে রাজবীরের চোখের জল সেই জল্পনায় নতুন মাত্রা যোগ করেছে। তাঁর আবেগ দেখে অনেকেই মনে করছেন, সম্পর্কের আড়ালে হয়তো রয়েছে গভীর অনুভূতি। যদিও বিদায়ের সময় ‘আশিকি ২’-এর কায়দায় চুমু খাওয়ার দৃশ্য ঘিরে শুরু হয়েছে বিতর্কও। এরই মধ্যে রাজবীর-নন্দিনীর সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন নন্দিনীর বাবা-মা। মেয়ের প্রতি রাজবীরের আবেগ দেখে তাঁরা মুগ্ধ। নন্দিনীর বাবা বলেন, “কতটা ভালোবাসালে একটা ছেলে এভাবে কাঁদতে পারে।”

রাজবীরের সঙ্গে মেয়ের সম্পর্কে যে কোনও আপত্তি নেই, তা আগেই বলেছিলেন নন্দিনীর মা-বাবা। তাঁদের সাফ কথা ছিল, মেয়ের পছন্দই তাঁদের পছন্দ। তবে সোশাল মিডিয়ায় যা কানাঘুষো, তাতে প্রেমের সত্যতা নিয়ে খানিকটা সন্দেহ যে ছিল, তা বলাই যায়। তবে রবিবার নন্দিনীর দুর্গ ছাড়ার মুহূর্তে যে প্রেমের পরীক্ষায় পাশ করে গেলেন রোমিও। নন্দিনীকে আটকানোর চেষ্টা, তাঁর চোখের জল মন জিতে নিয়েছে দর্শকদের। মেয়ের প্রতি রাজবীরের এই আবেগ-ভালোবাসায় আপ্লুত নন্দিনীর বাবা-মাও। একটি সাক্ষাৎকারে রাজবীরের প্রসঙ্গে বলতে গিয়ে ‘জামাই’ সম্বোধন করতে দেখা গেল তাঁকে। 

নন্দিনীর বাবা বললেন, “ও যেভাবে কাঁদল…। একটা ছেলে যেভাবে কাঁদল, তা সত্যি কারের ভালো না বাসলে সম্ভব না।” এরপরই তিনি বলেন, “ও যেভাবে দরজার পাশে বসে, বাবা, বাবা বলে ডাকছিল…।” একথা বলতে গিয়ে নন্দিনীর বাবার চোখের কোণে উঁকি দিল জল। এরপর অভিনেত্রীর মা বলেন, “আমার মেয়ে এরকম কাউকেই খুঁজত, যে ওকে প্যাম্পার করবে।” তবে হ্যাঁ, দিন কয়েক আগে পারিবারিক শোয়ে রাজবীর-নন্দিনীর ঘনিষ্ঠতা নিয়ে বকুনি দিয়েছিলেন সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়। তা কিন্তু কষ্ট দিয়েছিল নন্দিনীর বাবা-মাকে। সে প্রসঙ্গে এদিন তাঁরা বলেন, সেই ঘটনা আঘাত করেছিল তাঁদের। সারারাত ঘুমোতে পারেননি। উল্লেখ্য, প্রতিযোগীদের চোখে নন্দিনী এলিমিনেটেড হয়ে গেলেও তিনি কিন্তু এখনও রয়েছেন খেলাতেই। এই মুহূর্তে সিক্রেট রুম থেকে খেলায় নজর রাখছেন তিনি। কবে কীভাবে মূল দুর্গে ফেরানো হয় তাঁকে, সেটাই দেখার। 

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…