Ranbir-Alia: ‘আলিয়ার সামনে আমি তখন ইঁদুর’, জঙ্গলে বিয়ের প্রস্তাব দেওয়ার রোমাঞ্চকর গল্প শোনালেন রণবীর

Ranbir Kapoor revisits his proposal to Alia Bhatt on Kaun Banega Crorepati
Ranbir Kapoor revisits his proposal to Alia Bhatt on Kaun Banega Crorepati

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: সময়টা ২০১৮ সাল। অয়ন মুখোপাধ্যায়ের পরিচালনায় ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শুটিং করতে গিয়েই একে অপরের প্রেমে পড়েন রণবীর কাপুর ও আলিয়া ভাট। যদিও এর অনেক আগেই করণ জোহরের চ্যাট শোয়ে রণবীরকে নিজের ‘ক্রাশ’ বলে জানিয়েছিলেন আলিয়া। পর্দার বাইরেও শেষ পর্যন্ত সত্যি হয় সেই প্রেমের গল্প। প্রায় চার বছর সম্পর্কে থাকার পর ২০২২ সালে আফ্রিকার মাসাইমারা জঙ্গলে আলিয়াকে বিয়ের প্রস্তাব দেন রণবীর। ঘন জঙ্গলের নিস্তব্ধতা, চারপাশে বন্য প্রকৃতি আর তিন সিংহের উপস্থিতিতে কীভাবে মনের কথা জানিয়েছিলেন অভিনেতা? সম্প্রতি অমিতাভ বচ্চনের কাছে সেই বিশেষ মুহূর্তের অভিজ্ঞতাই ভাগ করে নিলেন ‘রাম’ রণবীর কাপুর। 

সম্প্রতি ‘রামায়ণ’-এর প্রচারে ‘সীতা’ সাই পল্লবী এবং ‘লক্ষ্মণ’ রবি দুবেকে নিয়ে ‘কৌন বনেগা ক্রোড়পতি’তে হাজির হয়েছিলেন অভিনেতা। সেখানেই বিগ বি’র ‘গুগলি’র মুখে বিয়ের প্রস্তাব দেওয়ার অ্যাডভেঞ্চারাস গল্প শোনালেন রণবীর কাপুর। আলিয়া এবং তাঁদের দাম্পত্য সম্পর্কে অজানা কোনও গল্প ফাঁস করার আবদার রেখেছিলেন অমিতাভ বচ্চন। সেকথা শুনে লাজে রাঙা হলেও প্রবীণ অভিনেতাকে ফিরিয়ে দেননি কাপুরনন্দন। রণবীর ফিরে যান ২০২২ সালের সেই দিনটিতে, যেদিন আফ্রিকার ঘন জঙ্গলের ভিতর হাঁটু মুড়ে বসে আলিয়াকে নিজের জীবনসঙ্গীনী হওয়ার প্রস্তাব দিয়েছিলেন তিনি। রণবীর জানান, “আমি আগেই আমার গাইড এবং আমাদের গাড়িচালককে বলে রেখেছিলাম যেন জঙ্গলের মাঝখানে কোথাও একটা গাড়ি দাঁড় করায়। সঙ্গে একটি আংটিও নিয়ে গিয়েছিলাম। কারণ আমি হাঁটু মুড়ে বসে বিয়ের প্রস্তাব দেওয়ার প্ল্যান করেছিলাম। চেয়েছিলাম, দূর থেকে কেউ যেন আমাদের ছবি তুলে দেয়। কারণ মেয়েরা এইমুহূর্তের ছবি তুলতে এবং সেগুলো ইনস্টাগ্রামে পোস্ট করতে খুব ভালোবাসে।” একথা শুনে অমিতাভও রসিকতা করে বলেন, “হ্যাঁ, প্রমাণ তো থাকা চাই!”


রণবীর জানান, তিনি যখন বিয়ের প্রস্তাব দিচ্ছিলেন, তখন এক রোমাঞ্চকর মুহূর্ত তৈরি হয়েছিল। কীরকম? অভিনেতা বলেন, “প্রায় ১০০ মিটার দূরে তিনটি বড় সিংহ দাঁড়িয়েছিল, আর আমার সামনে দাঁড়িয়ে ছিল আমার ‘সিংহী’ আলিয়া। আমি তখন একেবারে ইঁদুরের মতো হাঁটু গেড়ে বসে ওঁকে বললাম- ‘বেবি, তুমি কি আমাকে বিয়ে করবে?’ আমার জীবনের অত্যন্ত চমৎকার একটি মুহূর্ত এটা, যা চিরকাল মনে থাকবে।” আলিয়াকে প্রস্তাব দেওয়ার গল্প শুনে অমিতাভ বচ্চন রণবীরের পিঠ চাপড়ে বলেন,”খুব ভালো করেছ।” আগামী ৩০ অক্টোবর সোনি লিভ এবং সোনি টিভিতে সম্প্রচারিত হবে ‘কৌন বনেগা ক্রোড়পতি’র এই বিশেষ পর্ব।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…