Naseeruddin Slams Centre: ‘তরুণ প্রজন্মের মনোবল ভাঙা যাবে না’, জামিয়া-কাণ্ডে কেন্দ্রকে তোপ নাসিরুদ্দিন শাহর

Naseeruddin Shah
Naseeruddin Shah

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভকে ঘিরে উত্তেজনার আবহে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হলেন অভিনেতা নাসিরুদ্দিন শাহ। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ), সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট (এসআরএফটিআই) এবং জামিয়ার পড়ুয়াদের সঙ্গে সরকারের আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। এক ভিডিও বার্তায় তাঁর স্পষ্ট বক্তব্য, সরকারের সমালোচনা করলেই কাউকে দেশদ্রোহী বা ‘টুকরে টুকরে গ্যাং’-এর সদস্য বলে দাগিয়ে দেওয়া যায় না। কোনওভাবেই দেশের তরুণ প্রজন্মের মনোবল ভেঙে দেওয়া সম্ভব নয় বলেও দাবি করেছেন অভিনেতা।

ভিডিও বার্তায় কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করে নাসিরুদ্দিন শাহ নিজেকে ‘দিমাগি নকশাল’ বলে উল্লেখ করেন। তাঁর অভিযোগ, সরকারের বিরোধিতা করলেই নানা ধরনের তকমা সাঁটিয়ে দেওয়ার প্রবণতা তৈরি হয়েছে। একই সঙ্গে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলির পরিবেশ এবং গণতান্ত্রিক পরিসর নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। তরুণদের মনোবল ভেঙে দেওয়া, শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকে দুর্বল করা এবং গণতন্ত্রকে বিপদের মুখে ঠেলে দেওয়ার চেষ্টা কেন চলছে, তা নিয়েও প্রশ্ন তোলেন প্রবীণ অভিনেতা। 

জেএনইউ, এসআরএফটিআই এবং জামিয়া মিলিয়া ইসলামিয়ার প্রসঙ্গ টেনে নাসিরুদ্দিনের বক্তব্য, শিক্ষার্থীদের উপর ঘটে যাওয়া ঘটনাগুলি মানুষ মনে রাখবে। নিজের বক্তব্যের সমর্থনে ‘সরফরোশি কি তামান্না’ কবিতার উল্লেখও করেন তিনি। পাশাপাশি বিজেপির আইটি সেল এবং সরকার ঘনিষ্ঠ ব্যক্তিত্বদেরও তীব্র ভাষায় আক্রমণ করেন অভিনেতা। প্রতিবাদী পড়ুয়াদের সঙ্গে এহেন আচরণ যে মানুষ ভুলে যাবে না,সেকথাই স্পষ্ট করে দিলেন বামমনস্ক অভিনেতা। এখানেই থামেননি তিনি। বিজেপির আইটি সেলকে ‘পোষা কুকুর’ বলেও কটাক্ষ করেন তিনি। তাঁর কথায়, “যারা এসব জায়গায় কাজ করে, চারা অজ্ঞ, অযোগ্য ব্যতীত কিছুই নয়।”

ভিডিওর শেষাংশে প্রতিবাদী পড়ুয়াদের পাশে দাঁড়িয়ে নাসিরুদ্দিন শাহের বার্তা, “যা করার আছে, সব করে দেখুন। আমাদের দেশের তরুণ প্রজন্মের মনোবল ভাঙা যাবে না। আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করা যাবে না এবং আমাদের গণতন্ত্র বিপন্ন হবে না।”

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…