
তিরুবনন্তপুরম, ২২ অক্টোবর : কেরলমের পারাস্সালা রেল স্টেশনের কাছে আচমকা ধস নেমে ব্যাহত হলো রেল চলাচল। বৃহস্পতিবার ভোররাতে রাতে ধসের জেরে থামতে গিয়ে লাইনচ্যুত হয়ে পড়ে ২২৬১৯ বিলাসপুর–তিরুনেলবেলি এক্সপ্রেসের ইঞ্জিন। তবে বড়সড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন সমস্ত যাত্রী ও রেলকর্মীরা। সকলেই নিরাপদ রয়েছেন বলে রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে।
দক্ষিণ রেলওয়ের জনসংযোগ আধিকারিক (পিআরও) জানিয়েছেন, বৃহস্পতিবার ভোররাত ২:১৯ মিনিট নাগাদ পারাস্সালা রেল স্টেশনের অদূরে রেললাইনে ভূমিধস নামে। বিপদ বুঝে চালক ট্রেনটি থামানোর চেষ্টা করেন, কিন্তু ট্রেনটি থেমে যাওয়ার পরই সেটির ইঞ্জিন (লোকোমোটিভ) লাইনচ্যুত হয়ে পড়ে। ঘটনার জেরে নেয়াত্তিনকারা-পারাস্সালা শাখায় ট্রেন চলাচল সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়ে।
দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই উদ্ধারকারী দল, ট্র্যাক মেরামতের কর্মী এবং প্রয়োজনীয় সরঞ্জাম-সহ একটি অ্যাক্সিডেন্ট রিলিফ ট্রেন (এআরটি) দুর্ঘটনাস্থলে পৌঁছয়। যুদ্ধকালীন তৎপরতায় লাইন পরিষ্কার ও ইঞ্জিনকে লাইনে তোলার কাজ শুরু হয়েছে। এই ঘটনার প্রভাবে এই শাখায় চলাচলকারী ১০টিরও বেশি দূরপাল্লার ও লোকাল ট্রেন চরম বিপর্যয়ের মুখে পড়েছে। পরশুরাম এক্সপ্রেস এবং তাম্বারাম-তিরুবনন্তপুরম সেন্ট্রাল অমৃত ভারত এক্সপ্রেস সহ একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে রয়েছে অথবা তাদের যাত্রার সময় পিছিয়ে দেওয়া হয়েছে। রেল পরিষেবা দ্রুত স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে জানিয়েছে দক্ষিণ রেল কর্তৃপক্ষ।
