
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ফ্লাই দুবাইয়ের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার এয়ার ইন্ডিয়ার বিমান ঘিরে চাঞ্চল্য। জার্মানির ফ্রাঙ্কফুর্ট থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান বুধবার ভোররাতে জরুরি ভিত্তিতে জয়পুর বিমানবন্দরে অবতরণ করে। ঘটনাকে কেন্দ্র করে বিমানবন্দর চত্বরে ব্যাপক সতর্কতা জারি করা হয়েছে। একাধিক সূত্রের দাবি, বিমানটি অপহরণের চেষ্টা করা হয়ে থাকতে পারে। যদিও এই বিষয়ে তদন্তকারীদের তরফে এখনও স্পষ্ট করে কিছু জানানো হয়নি। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন শীর্ষ পুলিশ আধিকারিকরা। পরিস্থিতি খতিয়ে দেখতে মোতায়েন করা হয় বম্ব স্কোয়াড ও দমকল বাহিনীকেও। বিমানটির জরুরি অবতরণের নেপথ্যে ঠিক কী কারণ রয়েছে, তা নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি।
জানা যাচ্ছে, বুধবার সকাল ৯টা ৫ নাগাদ আহমেদাবাদ এয়ার ট্রাফিক কন্ট্রোল এয়ার ইন্ডিয়ার বিমান এআই ২০৩০ থেকে একটি জরুরি সতর্কবার্তা পায়। এরপরই পরামর্শ মতো বিমানটিকে ঘুরিয়ে দেওয়া হয় জয়পুরের দিকে। সেখানেই জরুরি অবতরণ করে বিমানটি। জরুরি অবতরণের জেরে স্বাভাবিকভাবেই বিমানবন্দরে চাঞ্চল্য ছড়ায়। দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় জয়পুর পুলিশের বম্ব স্কোয়াড, দমকল বাহিনী ও জরুরি পরিষেবা প্রদানকারী দল। ঊর্ধ্বতন পুলিশ কর্তারাও বিমানবন্দরে পৌঁছেছেন। মঙ্গলবার রাত ১০টা ৪৫ নাগাদ জার্মানি থেকে আকাশে উড়েছিল বিমানটি। গন্তব্য ছিল দিল্লি। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, বিমানটি যখন মুম্বই ফ্লাইট ইনফরমেশন রিজিয়নে (এফআইআর) ছিল, সেই সময় পাইলট স্কোয়াক কোড ৭৫০০ চাপেন। এই সুইচের অর্থ হল, বিমানে বেআইনি হস্তক্ষেপ বা বিমান হাইজ্যাকের ঘটনা ঘটেছে। সূত্রের খবর, বোয়িং ৭৮৭-৯ মডেলের এই বিমানটি জয়পুরে অবতরণের পর সেটি পরীক্ষার জন্য আইসোলেশন বে-তে নিয়ে যাওয়া হয়েছে।
মালভিয়ার সহকারী পুলিশ কমিশনার শিব দয়াল সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছে, বোমা হামলার হুমকির পর ফ্রাঙ্কফুর্ট-দিল্লি বিমানটির জরুরি অবতরণের বিষয়ে পুলিশে খবর দেওয়া হয় বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে। বিমানে কতজন যাত্রী ছিলেন তা এখনও স্পষ্ট নয়। এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকেও এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতির আসেনি। যদিও সূত্রের খবর, হয়ত ভুল করে সতর্কতামূলক ওই সুইচ প্রেস করেছিলেন পাইলট।
VIDEO | Jaipur: Air India's Frankfurt-Delhi flight diverted to Jaipur following bomb threat; plane makes emergency landing at airport; officials arrive at the airport. More details awaited. (Full video available on PTI Videos - https://t.co/d8jp61yd2p) https://t.co/Ghw7VdiSkg
— Press Trust of India (@PTI_News) October 14, 2026
