
দেহরাদূন, ৬ অক্টোবর : উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির উপস্থিতিতে মঙ্গলবার বিধানসভায় আনুষ্ঠানিকভাবে রাজ্যসভা নির্বাচনের মনোনয়নপত্র জমা দিলেন বিজেপির প্রার্থী দীনেশ আর্য। মনোনয়নপত্র জমা দেওয়ার পর উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেন, "রাজ্যসভা নির্বাচনের জন্য মনোনয়নপত্র পেশ করা হয়েছে। আমাদের প্রার্থী দীনেশ আর্য তাঁর মনোনয়ন জমা দিয়েছেন। এই সিদ্ধান্তের জন্য আমি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, দলের জাতীয় সভাপতি এবং দলীয় হাইকমান্ডকে ধন্যবাদ জানাচ্ছি ও উত্তরাখণ্ডের জনগণের পক্ষ থেকে তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।"
প্রার্থীর রাজনৈতিক সফরের কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী আরও বলেন, "তিনি একটি অত্যন্ত সাধারণ পরিবার থেকে উঠে এসেছেন এবং দল ও রাজ্যের জন্য একাধিক দায়িত্বে নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন। দলীয় হাইকমান্ড তাঁকে রাজ্যসভা নির্বাচনের জন্য মনোনীত করেছে। তাঁর রাজ্যসভায় যাওয়ার মাধ্যমে দলের সমস্ত কার্যকর্তার কাছে এই স্পষ্ট বার্তা পৌঁছেছে যে, বিজেপি এমন একটি দল যা যে কোনও কার্যকর্তাকে যেকোনো দায়িত্ব অর্পণ করতে পারে এবং যেকোনো কার্যকর্তাও যে কোনও দায়িত্ব কাঁধে তুলে নেওয়ার সামর্থ্য রাখেন।"
