
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: চিনের আপত্তি ও চাপকে কার্যত উপেক্ষা করেই তিব্বতি বৌদ্ধ ধর্মগুরু দলাই লামাকে ঘিরে বড় পদক্ষেপ করল নরেন্দ্র মোদি সরকার। তাঁর থাকার জন্য রাজধানী দিল্লিতে একটি সরকারি বাংলো বরাদ্দ করেছে কেন্দ্র। পাশাপাশি বৌদ্ধ ধর্মগুরুর নিরাপত্তা ব্যবস্থাও আরও জোরদার করা হয়েছে বলে জানা গিয়েছে। সর্বভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর প্রতিবেদন অনুযায়ী, দিল্লির অভিজাত লুটিয়েন্স এলাকায় ২০, পণ্ডিত রবিশঙ্কর শুক্লা লেনের একটি বাংলো দলাই লামার জন্য নির্দিষ্ট করা হয়েছে। গত কয়েক মাস ধরেই বাড়িটির সংস্কার ও প্রয়োজনীয় পরিকাঠামো তৈরির কাজ চলছিল। বাংলোর প্রবেশপথে ইতিমধ্যেই ‘গাদেন ফোদ্রাং’ লেখা একটি নেমপ্লেট চোখে পড়েছে। বাড়ির বাইরে নির্মাণকাজের পরিত্যক্ত সামগ্রীও দেখা গিয়েছে। উল্লেখ্য, ‘গাদেন ফোদ্রাং’ হল দলাই লামার নিজস্ব কার্যালয়। ২০১১ সালে রাজনৈতিক ক্ষমতা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর এই প্রতিষ্ঠানকে একটি ট্রাস্ট হিসেবে নথিভুক্ত করা হয়। দলাই লামা নিজেই ওই ট্রাস্টের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন।
বুধবার দালাই লামা জানিয়েছেন, তাঁর প্রতিষ্ঠিত ‘গাদেন ফোদ্রাং ট্রাস্ট’-এরই তাঁর উত্তরসূরি নির্বাচনের অধিকার রয়েছে। যদিও চিন এই দাবি খারিজ করে দিয়েছেন। তারা জানিয়ে দিয়েছেন, দলাই লামার উত্তরসূরি তারাই নির্বাচন করবে। ২০২৫ সালের অক্টোবর মাসে কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রক ‘টাইপ-৭’ এই বাংলোটি বিদেশ মন্ত্রকের হাতে তুলে দিয়েছিল। পরে বিদেশ মন্ত্রক সেটি দলাই লামার দপ্তরের জন্য বরাদ্দ করে বলে জানা গিয়েছে। চলতি বছরের জুলাই মাসে বাংলোটিকে ঢেলে সাজাতে ৩৪.৯৪ লক্ষ টাকার টেন্ডার প্রকাশ করেছিল কেন্দ্রীয় পূর্ত দপ্তর (সিপিডাব্লুডি)। বাংলোটির নিরাপত্তা জোরদার করতেও বিশেষ উদ্যোগ নেওয়া হয়। এর মধ্যে ছিল পোর্টা কেবিন স্থাপন, বাইরের সীমানা প্রাচীর শক্তিশালী করা, কাঁটাতারের বেড়া লাগানো এবং প্রবেশদ্বার বা গেট মজবুত করা ইত্যাদি।
দালাই লামার ওয়েবসাইট অনুযায়ী, ‘গাদেন ফোদ্রাং’ ১৯০৮ সালের রেজিস্ট্রেশন আইনের অধীনে ধর্মশালার সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে নিবন্ধিত হয়েছে। এর মূল উদ্দেশ্য হল দালাই লামার প্রতিষ্ঠানটিকে সংরক্ষণ করা এবং বৌদ্ধ ধর্মগুরু আধ্যাত্মিক ও মানবিক কর্মকাণ্ডে সহায়তা করা। গত বছর দলাই লামা জানিয়ে দিয়েছেন, ১৫তম দালাই লামাকে নিযুক্ত করার দায়িত্ব তাঁর ট্রাস্টের উপরই ন্যস্ত থাকবে। সম্প্রতি দলাই লামার উত্তরসূরি নির্বাচনকে কেন্দ্র করে ভারত-চিনের মধ্যে বিবাদও বাঁধে।
১৯৫৯ সালে চিনা হানাদার বাহিনীর হাত থেকে বাঁচতে তিব্বত থেকে দলবল সমেত পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন বর্তমান দলাই লামা। তারপর থেকেই তাঁকে ‘বিচ্ছিন্নতাবাদী’ বলে মনে করে বেজিং। দলাই লামা বহুবার ভারতের সাহায্য নিয়ে চিনের হাত থেকে তিব্বতকে স্বাধীন করার চেষ্টা করেছেন। সেই নেহরুর আমল থেকেই তাঁকে নিয়ে ভারতের সঙ্গে চিনের কূটনৈতিক টানাপোড়েন চলেছে। সেই টানাপোড়েনের মাত্রা যে এতটুকু কমেনি তা বারবার প্রমাণ হয়ে গিয়েছে। সেক্ষেত্রে ভারতের প্রতিই কৃতজ্ঞতা প্রদর্শন করেছেন তিনি। তবে মৃত্যুর আগে একবার তিব্বতে ফেরার ইচ্ছের কথাও বলতে গিয়েছে তাঁকে।
