
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: রোগীদের স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বজায় রাখাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নতুন নির্দেশিকা জারি করল পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তর। রাজ্যের সমস্ত সরকারি হাসপাতাল ও মেডিক্যাল কলেজের ইন্ডোর এবং আউটডোর বিভাগে হকার, বিক্রেতা ও দোকানদারদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। স্বাস্থ্য দপ্তরের জারি করা লিখিত নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি কঠোরভাবে বজায় রাখতে হবে। সেই নির্দেশ কার্যকর করতে মঙ্গলবার সকাল থেকেই বিভিন্ন সরকারি হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। হাসপাতালের ভিতরে যাতে কোনও হকার বা বিক্রেতা প্রবেশ করতে না পারেন, তা নিশ্চিত করতে নজরদারিও বাড়ানো হয়েছে।
রাজ্যে পালাবদলের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এসএসকেএমে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছিলেন। যেখানে স্বাস্থ্য দপ্তরের তো বটেই, অন্যান্য প্রশাসনের আধিকারিকরাও উপস্থিত ছিলেন। জানা যায়, সেই সময়েই রোগীর পরিবারের অনেকেই মুখ্যমন্ত্রীকে জানিয়েছিলেন, হাসপাতাল চত্ত্বর থেকে মোবাইল চুরি হয়ে যাওয়ার ঘটনা অহরহ। ওপিডি লাইনে অনেকেই রোগীর পরিবারের ভেক ধরে ঘুরে বেরান। রীতিমতো চিকিৎসা করাতে এসে হেনস্তার মধ্যে পড়তে হয় বলে অভিযোগ করেন তাদের আত্মীয়রা। এহেন অভিযোগ সামনে আসতেই নড়েচড়ে বসে স্বাস্থ্যদপ্তর। এরপরেই এহেন নির্দেশিকা।
নয়া এই নির্দেশিকায় রোগীদের নিরাপত্তা এবং ব্যক্তিগত গোপনীয়তাকেও মান্যতা দিয়েছে স্বাস্থ্য দপ্তর। ফি দিন হাসপাতালগুলির ওপিডিতে অসংখ্য রোগীর ভিড় হয়। এর মধ্যে হাসপাতাল চত্বরে হকারদের উপস্থিতিতে পরিস্থিতি আরও বিশৃঙ্খল হয়ে পড়ে। অনেক সময় ছোঁয়াচে অসুখ নিয়েও রোগীরা আসেন ওপিডিতে। হকারদের অবাধ যাতায়াতে ক্রস কন্টামিশনের সম্ভাবনা থাকে। এসব ঠেকাতেই নয়া নির্দেশিকা জারি করল পশ্চিমবঙ্গ স্বাস্থ্যদপ্তর। যা খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে।
