CM Suvendu Adhikari | এবার মন্ত্রীদের কথাবার্তায় নজরদারি! তাপস ও দীপকদের বড় দায়িত্ব দিলেন মুখ্যমন্ত্রী

Agreeing with Shamik’s remarks, Chief Minister Suvendu Adhikari has taken a major decision.
Agreeing with Shamik’s remarks, Chief Minister Suvendu Adhikari has taken a major decision.

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:সরকারি নীতি, প্রশাসনিক সিদ্ধান্ত কিংবা সরকারের বিভিন্ন কাজকর্ম নিয়ে সংবাদমাধ্যমের সামনে ইচ্ছেমতো মন্তব্য করতে পারবেন না রাজ্যের কোনও মন্ত্রী। মন্ত্রীদের বক্তব্যে নিয়ন্ত্রণ আনতে এবার বিশেষ উদ্যোগী হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই দায়িত্ব পালনের জন্য মন্ত্রিসভার তিন আস্থাভাজন সদস্যের উপর বিশেষ দায়িত্ব অর্পণ করেছেন তিনি। উল্লেখ্য, সম্প্রতি সরকারের কাজকর্ম নিয়ে একাধিক মন্ত্রীর প্রকাশ্যে মন্তব্য করা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তাঁর সেই মন্তব্যের কয়েক দিনের মধ্যেই মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপ ঘিরে নতুন করে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। তাহলে কি এবার সংবাদমাধ্যমের সামনে মন্ত্রীদের বেলাগাম মন্তব্যে লাগাম টানতেই কড়া অবস্থান নিল রাজ্য সরকার?

আজ, সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাংবাদিক সম্মেলন করেছিলেন। সেখানেই বড় বার্তা দিয়েছেন তিনি। রাজ্য সরকার, প্রশাসনিক কাজকর্ম সম্পর্কে যে কোনও মন্ত্রী আর সংবাদমাধ্যমে মন্তব্য করতে পারবেন না। সরকারের মুখপাত্র হিসেবে এখন থেকে এই দায়িত্ব দেওয়া হল তিনজনকে। কেবল নিজেদের দপ্তর নয়, সামগ্রিক বিষয়ে তাঁরাই এবার থেকে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলবেন। বাকিরা কেবল তাঁদের নিজেদের দপ্তরের বিষয়েই কথা বলতে পারবেন বলে খবর। তাপস রায়, দীপক বর্মন ও উমেশ রাই-কে এই দায়িত্ব দেওয়া হয়েছে।

এদিন সাংবাদিক সম্মেলন থেকে মুখ্যমন্ত্রী বলেন, “রাজ্য সরকারের পক্ষ থেকে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলবেন তাপস রায় ও দীপক বর্মন। হিন্দি সংবাদমাধ্যমের ক্ষেত্রে কথা বলবেন উমেশ রাই। মন্ত্রীরা নিজেদের দপ্তর নিয়ে নিশ্চয়ই তাঁদের প্রয়োজনীয় তথ্য সাংবাদিকদের জানাবেন। আর সরকারের কাজকর্মের সামগ্রিক বিষয় নিয়ে কথা বলতে হলে এই তিন জন বলবেন।”  তাহলে কি এবার থেকে তাপস রায়, দীপক বর্মন, উমেশ রাই কার্যত রাজ্য সরকারের মুখপাত্র হয়ে উঠবেন? সেই প্রশ্ন উঠেছে।

দায়িত্ব বণ্টনের ক্ষেত্রে উত্তর ও দক্ষিণবঙ্গকেও আলাদাভাবে গুরুত্ব দেওয়া হয়েছে বলে মত ওয়াকিবহাল মহলের। স্কুলশিক্ষা মন্ত্রী দীপক উত্তরবঙ্গের প্রতিনিধি। এদিকে শিল্পমন্ত্রী তাপস রায় দক্ষিণবঙ্গের প্রতিনিধি। হিন্দিভাষীদের কাছে সরকারি বার্তা পৌঁছনোর জন্য হাওড়ার হিন্দিভাষী নেতা উমেশ রাইকে দায়িত্ব দেওয়া হল। তাপস রায় বেশ কয়েক বছর হয়েছে বিজেপিতে এসেছেন। এদিকে দীপক বর্মন দীর্ঘ সময় ধরে বিজেপিতে রয়েছেন। ফলে আদি-নব্য দ্বন্দ্বও দেখা যাবে না, এমনই মনে করছে ওয়াকিবহাল মহল। 

প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটলবিহারী বাজপেয়ীর জন্মদিন উপলক্ষে ‘সেবাদূত’ কর্মসূচি শুরু করছে বিজেপি। গত শুক্রবার সেই বিষয়ে বাংলায় ওই কর্মসূচির রূপরেখা বোঝানোর জন্য বিজেপির জেলাস্তরের নেতৃত্বকে নিয়ে বৈঠকে বসেছিলেন শমীক ভট্টাচার্য। সেখানেই এই বিষয়ে মুখ খোলেন বিজেপির রাজ্য সভাপতি। একাধিক মন্ত্রী সংবাদমাধ্যমে প্রয়োজনের অতিরিক্ত কথা বলছেন। সবাই মুখ না খুলে সরকারের অবস্থান জানানোর জন্য নির্দিষ্টভাবে কাউকে দিতে দায়িত্ব দেওয়ার কথাও বলেন তিনি। এই বিষয়ে তিনি মুখ্যমন্ত্রীকে বলবেন, সেই কথাও বলা হয়েছিল।

উল্লেখযোগ্য বিষয়, শমীক ভট্টাচার্য যখন এই মন্তব্য করেন, তখন সেখানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল। তাঁর উপস্থিতিতে এমন মন্তব্য ঘিরে দলের অন্দরেই শুরু হয় নানা জল্পনা। বিষয়টি নিয়ে ওই দিন রাতেই বৈঠকে বসে বিজেপির কোর কমিটি। দলীয় সূত্রের খবর, বৈঠককে কেন্দ্র করে সুনীল বনসলের সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও শমীক ভট্টাচার্যেরও আলোচনা হয়। সেই আলোচনার পরেই মন্ত্রীদের বক্তব্য নিয়ন্ত্রণে রাখার বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে জানা যাচ্ছে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…