CM Suvendu Adhikari | কম খরচে খাবারের আরও ব্যবস্থা, রাজ্যে ৫০০টি নতুন ‘মা আহার ক্যান্টিন’ চালুর ঘোষণা মুখ্যমন্ত্রীর

CM Suvendu Adhikari |
CM Suvendu Adhikari |

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:নারী স্বনির্ভরতা ও আর্থিক ক্ষমতায়নকে আরও শক্তিশালী করতে রাজ্যজুড়ে নতুন করে ৫০০টি ‘মা আহার’ ক্যান্টিন চালুর উদ্যোগ নিয়েছে সরকার। কলকাতার গণ্ডি পেরিয়ে জেলার বিভিন্ন জনবহুল এলাকায় এই পরিষেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। মেডিক্যাল কলেজ, আদালত, সরকারি প্রশাসনিক দফতর, বাসস্ট্যান্ড, জেটিঘাট, রেল জংশন থেকে শুরু করে বড় বাজার—বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে গড়ে উঠবে এই ক্যান্টিনগুলি। এর ফলে সাধারণ মানুষ যেমন স্বল্পমূল্যে খাবার পাওয়ার সুযোগ পাবেন, তেমনই স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জন্য তৈরি হবে নতুন কর্মসংস্থান ও আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার পথ। এমনটাই জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।সেইসঙ্গে জনকল্যাণমূলক এই প্রকল্পে মুখ্যমন্ত্রীর নয়া ঘোষণা, ‘‘বৈষ্ণব সমাজের কথা মাথায় রেখে মা আহার ক্যান্টিনে নিরামিষ খাদ্য বা সাত্ত্বিক আহার ক্যান্টিন চালু হবে। মাছ এবং ডিম দিয়ে যে বর্তমান ব্যবস্থা আছে তার পাশাপাশি সেখানে অতিরিক্তভাবে সাত্ত্বিক আহারও মিলবে। রাজ্যে প্রথম বারাসত থেকে তা শুরু হবে।’’

স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি হস্তশিল্প, খাদ্য, মশলা সামগ্রী নিয়ে সবলা মেলা অনুষ্ঠিত হত। পালাবদলের পর নতুনরূপে ‘গৌরী মেলা’ হয়েছে। সোমবার সন্ধ্যায় নিউটাউন মেলা মাঠে রাজ্য স্তরের এই গৌরী মেলার উদ্বোধনে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘‘স্বনির্ভর গোষ্ঠী দ্বারা পরিচালিত বর্তমানে রাজ্যজুড়ে ৫০০টি মা আহার ক্যান্টিন চালু রয়েছে। সেখানে অতিরিক্ত ১৩৪ কোটি টাকা বরাদ্দে সপ্তাহে দু’দিন মাছের ব্যবস্থা করেছি। ৫ টাকায় মানুষ খাবার খান। শীঘ্রই আরও ৫০০টি মা আহার চালু হবে।’’ এ প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে মঞ্চে উপস্থিত সরকারি এক আধিকারিককে নির্দেশ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘বারাসত ছাড়াও নবদ্বীপ, মায়াপুর বৈষ্ণব সমাজ থেকে সম্পূর্ণ সাত্ত্বিক শাকাহারি অনুরোধ আসবে। সেই মা আহারে বর্তমান ব্যবস্থা চালু রেখে অতিরিক্ত ব্যবস্থা হিসেবে সাত্ত্বিক আহার চালু করবেন। তার জন্য অর্থদপ্তর অতিরিক্ত বরাদ্দও দেবে।’’

এরই পাশাপাশি মহিলা স্বনির্ভরতার কথা ভেবে আগামী বছর থেকে রাজ্য, জেলার গণ্ডি ছাড়িয়ে ব্লকে ব্লকে ‘গৌরী মেলা’ ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন, রাজ্যের ৬ লক্ষ স্বনির্ভর গোষ্ঠীর জন্য কেন্দ্রীয় সরকার থেকে ২৫০ কোটি টাকা এনেছি। যাচাই প্রক্রিয়া শেষে ইতিমধ্যে ২.৫ লক্ষ গোষ্ঠীর অ্যাকাউন্টে ১৫০ কোটি টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে আরও গোষ্ঠীর অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হবে। এছাড়াও কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় ৩০০টি ক্ষুদ্র প্রকল্প চালু করা হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী।

এবার নিউটাউনের মেলা মাঠে আরও বড় পরিসরে আয়োজন করা হয়েছে মেলার। বসেছে মোট ২৬০টি স্টল। মেলার আয়োজন ও পরিকাঠামো উন্নয়নের জন্য রাজ্য সরকারের তরফে বরাদ্দ করা হয়েছে ১০ কোটি টাকা। উল্লেখযোগ্য বিষয়, এই প্রথমবার রাজ্যের বিভিন্ন সংস্থার পাশাপাশি একাধিক কেন্দ্রীয় সরকারি সংস্থাও মেলায় অংশগ্রহণ করেছে। আগামী ২ ডিসেম্বর পর্যন্ত চলবে এই মেলা। অন্যদিকে, আগামী বুধবার কোচবিহারের রাসমেলার মাঠে উদ্বোধন হতে চলেছে ‘গৌরী মেলা’। সেখানে উপস্থিত হয়ে বাংলার মায়েদের হাতে তৈরি ঐতিহ্যবাহী বড়ি ও আচার কেনার ইচ্ছাপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…