
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: সিপিএম নেতা বিকাশ ভট্টাচার্যকে ঘিরে তীব্র কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তাঁকে তৃণমূলের ‘নতুন নেতা’ বলে আক্রমণ করে শমীকের মন্তব্য, এতদিন বিকাশ ভট্টাচার্য ছিলেন অসুর, এখন তিনি তৃণমূলের ভাসুর হয়ে উঠেছেন। তাঁর অভিযোগ, বিকাশ ভট্টাচার্যের আইনি সহায়তা নিয়ে পুরভোট বন্ধ করার চেষ্টা করছে তৃণমূল। কারণ, নিজেদের উদ্যোগে আদালতে যাওয়ার মতো পরিস্থিতি বা ক্ষমতা এখন আর তৃণমূলের নেই। তাই সিপিএম নেতার সাহায্য নিতে হচ্ছে তাদের। সোমবার শান্তিপুরের ঐতিহ্যবাহী রাস উৎসবের উদ্বোধনে গিয়ে পুরভোট নিয়েও নিজেদের অবস্থান স্পষ্ট করেন শমীক ভট্টাচার্য। তাঁর বক্তব্য, বিজেপি চায় নির্ধারিত সময়েই রাজ্যে পুরসভা নির্বাচন হোক। কারণ, নির্বাচনের মাধ্যমেই পুরসভার নাগরিক পরিষেবা স্বাভাবিক ও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব। কিন্তু বিরোধীরাই সেই প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করছে বলে অভিযোগ করেন তিনি।
নদিয়ায় শমীক প্রথমে আগমেশ্বরী তলার উদ্বোধন করেন। এরপরে শান্তিপুর হাসপাতাল সংলগ্ন শান্তিপুর জনসংঘ কল্যাণের পূজা মণ্ডপ উদ্বোধন করেন তিনি। আগামী মঙ্গলবার থেকে শুরু হচ্ছে শান্তিপুরের রাসযাত্রা। প্রতিবছরের মতো এ বছরও বিগ্রহ বাড়ি থেকে শুরু করে বিভিন্ন বারোয়ারিগুলো বিশেষ আকর্ষণ নিয়ে এসেছে দর্শনার্থীদের উদ্দেশ্যে। আবহাওয়ার জন্য কিছুটা সমস্যা হলেও দিনরাত কাজ করে প্যান্ডেল তৈরির কাজ প্রায় সমাপ্ত করেছে বিভিন্ন বারোয়ারিগুলো। রবিবার নবদ্বীপের রাস উদ্বোধন করতে এসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ, সোমবার শান্তিপুরের রাস উদ্বোধন করলেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “আমরা চাই সময় মতো পুরসভার ভোট হোক। তার কারণ মানুষ যাতে পরিষেবা ঠিকমতো পায় সেটাই আমাদের লক্ষ্য। আমরা কোনও পুর বোর্ড থেকে শুরু করে পঞ্চায়েত কিংবা জেলা পরিষদের বোর্ড জোর করে ভেঙে দিইনি। চেয়ারম্যানের বাড়িতে পাথর ছুড়িনি। আমরা কারও মাথায় ওমলেট ঢেলে দিইনি। তাঁরা নিজেরাই ছেড়ে চলে গিয়েছেন। নাগরিক পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য।”
মোথাবাড়ি কাণ্ডে এনআইএ তলব নিয়ে তৃণমূল বিধায়ক সাবিনা ইয়াসমিন অভিযোগ করেন, কালীঘাট তৃণমূলের প্রতিনিধি হওয়ায় তাঁকে প্রতিহিংসার রাজনীতির শিকার হতে হচ্ছে। এবিষয়ে শমীক বলেন, বিজেপি যদি প্রতিহিংসার রাজনীতি করত তাহলে তৃণমূলের অনেক জয়ী, পরাজিত বিধায়ক, কাউন্সিলর বেঁচে থাকতেন না। আমরা জনরোষ নিয়ন্ত্রণ করেছি। বিজেপি হিংসার রাজনীতিতে বিশ্বাস করে না বলে এখনও কথা বলতে পারছেন।’
