
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: প্রাক্তন কংগ্রেস সভানেত্রী তথা কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধীর সদ্য প্রকাশিত স্মৃতিকথা ‘বিলঙ্গিং: আ জার্নি অফ লাভ’ ঘিরে বিতর্ক ক্রমশ তীব্র হচ্ছে। বইটি প্রকাশ্যে আসার পর থেকেই তার বিষয়বস্তু নিয়ে নানা মহলে সমালোচনা শুরু হয়েছে। অভিযোগ উঠেছে, গান্ধী পরিবারকে বিতর্কের ঊর্ধ্বে রাখতে ইতিহাসের বিকৃত ব্যাখ্যা তুলে ধরেছেন সোনিয়া। এর প্রতিবাদে ইতিমধ্যেই শিখ সম্প্রদায়ের একাংশ প্রকাশ্যে বইটি পুড়িয়ে বিক্ষোভ দেখিয়েছেন। এবার মহারাষ্ট্রেও এই বিতর্কের আঁচ পৌঁছল। সেখানে শিব সেনার নেতা-কর্মীরা সোনিয়ার স্মৃতিকথার পাতা ছিঁড়ে প্রতিবাদে শামিল হন। তবে প্রতিবাদ জানাতে গিয়ে তাঁদের ঘিরেও তৈরি হয়েছে নতুন বিতর্ক ও বিপত্তি।
মহারাষ্ট্রে এনডিএ জোটের শরিক শিব সেনা শিণ্ডে শিবিরের বক্তব্য, সোনিয়ার আত্মজীবনীতে বীর সাভারকরকে অপমান করা হয়েছে। সোনিয়া গান্ধী সাভারকরকে ‘অপমান’ করতে ইতিহাসের অপব্যাখ্যা করেছেন। শিব সেনা নেত্রী শাইনা এনসি বলছেন, “সোনিয়ার বইয়ে বীর সাভারকরকে অপমান করা হয়েছে। বইটির ২০১ ও ৪০৩ নম্বর পাতায় ইতিহাস বিকৃত করা হয়েছে।” প্রকাশনা সংস্থা হার্পার কলিন্সের কাছে শাইনার দাবি, বইয়ের পরবর্তী সংস্করণ থেকে ওই দুই পাতা বাদ দিতে হবে। বিলঙ্গিং-এর ওই দুটি পাতা বাদ দেওয়ার দাবি করতে একটি সাংবাদিক সম্মেলন করতে গিয়ে বইটির একাধিক পাতা ছিঁড়ে ফেলেন শাইনা এনসি, সঞ্জয় নিরুপমের মতো শিব সেনা নেতারা। কিন্তু বইয়ের পাতা ছিঁড়তে গিয়ে বিপত্তি বাঁধান তাঁরা। যে বইয়ের পাতাটা তাঁরা ছিঁড়েছিলেন সেই পাতায় আবার বালাসাহেব ঠাকরের ছবি ছিল। ছবিতে দেখা যাচ্ছে বাল ঠাকরে কংগ্রেস নেতা মণিশঙ্কর আইয়ার কুশপুতুল জ্বালাচ্ছেন। ঘটনাচক্রে ছবির সেই অংশটিই ছিঁড়ে যায়।
এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে ক্ষোভ ছড়িয়েছে শিব সেনার উদ্ধব ঠাকরে শিবিরে। তাঁদের অভিযোগ, কোনওভাবেই বালাসাহেব ঠাকরের অপমান মেনে নেওয়া যায় না। বিষয়টি নিয়ে বিএমসি-র অধিবেশনেও তীব্র প্রতিবাদ জানান উদ্ধব শিবিরের কাউন্সিলররা। তাঁদের দাবি, শাইনা এনসিকে অবিলম্বে দল থেকে বহিষ্কার করতে হবে। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করে শাইনা এনসির দাবি, তিনি বালাসাহেব ঠাকরের ছবি ছেঁড়েননি। তাঁর বক্তব্য, তিনি ছিঁড়েছিলেন কংগ্রেস নেতা মণিশঙ্কর আইয়ারের ছবি। এই পালটা দাবি ঘিরেই রাজনৈতিক বিতর্ক আরও জোরাল হয়েছে।
