Maha Deepa Festival: তিরুবন্নামালাই দীপোৎসবের দর্শনে বিনামূল্যে প্রবেশ, অনলাইন বুকিং শুরু বুধবার সকাল ১১টায়

Maha Deepa festival in Tiruvannamalai
Maha Deepa festival in Tiruvannamalai

 

তিরুবন্নামালাই, ১৮ নভেম্বর : তামিলনাড়ুর তিরুবন্নামালাইয়ের বিখ্যাত অরুণাচলেশ্বর মন্দিরে কার্তিগাই দীপোৎসব উপলক্ষে ভরণী দীপম ও মহাদীপম দর্শনের জন্য বুধবার সকাল ১১টা থেকে অনলাইনে বিনামূল্যে প্রবেশের টিকিট বুকিং শুরু হচ্ছে। আগামী ২৪ নভেম্বর এই দুই বিশেষ দীপ প্রজ্বলন অনুষ্ঠান হবে। দর্শনার্থীদের জন্য মোট ৩ হাজার বিনামূল্যের টিকিটের ব্যবস্থা করেছে মন্দির কর্তৃপক্ষ। প্রতি বছর কার্তিগাই দীপোৎসবে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় তিরুবন্নামালাইয়ের অন্নামালাইয়ার মন্দিরে। এ বছর ২৪ নভেম্বর ভোরে ভরণী দীপম জ্বালানো হবে। সন্ধ্যায় ২ হাজার ৬৬৮ ফুট উঁচু পাহাড়ের চূড়ায় প্রজ্বলিত হবে মহাদীপম।

তামিলনাড়ু সরকার এবং হিন্দু ধর্মীয় ও দাতব্য দফতরের উদ্যোগে এ বছর প্রথমবার ভরণী দীপম ও মহাদীপম দর্শনের জন্য সম্পূর্ণ বিনামূল্যে প্রবেশের ব্যবস্থা করা হয়েছে। আগে এই দর্শনের জন্য ৫০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত নেওয়া হত। এ বার কোনও প্রবেশমূল্য লাগবে না। ভক্তদের সুবিধার জন্য অনলাইনেই টিকিট বুকিংয়ের ব্যবস্থা করা হয়েছে। ২০ নভেম্বর বিকেল ৩টে পর্যন্ত আবেদন করা যাবে।

৩ হাজার টিকিটের মধ্যে ভরণী দীপম দর্শনের জন্য তিরুবন্নামালাই জেলার বাসিন্দাদের ৫০০টি এবং অন্য জেলার ভক্তদের ৫০০টি টিকিট বরাদ্দ করা হয়েছে। মহাদীপম দর্শনের জন্য স্থানীয়দের ১ হাজার এবং অন্য জেলার ভক্তদের জন্য আরও ১ হাজার টিকিট রাখা হয়েছে।

টিকিটের জন্য মন্দিরের সরকারি ওয়েবসাইটে গিয়ে আধার নম্বর দিতে হবে। মোবাইলে আসা ওটিপি দিয়ে পরিচয় যাচাইয়ের পর বিনামূল্যে প্রবেশের টিকিটের জন্য আবেদন করা যাবে। ২০ নভেম্বর বিকেল ৪টেয় কম্পিউটারের মাধ্যমে আবেদনকারীদের মধ্যে থেকে দর্শনার্থী বেছে নেওয়া হবে। নির্বাচিতদের মোবাইলে এসএমএসের মাধ্যমে টিকিট পাঠানো হবে। এ বছর প্রবেশমূল্য তুলে দেওয়ায় আর্থিকভাবে পিছিয়ে থাকা ভক্তরাও কোনও খরচ ছাড়াই দীপোৎসবের এই বিশেষ আয়োজন সরাসরি দেখার সুযোগ পাবেন।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…