
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: অন্ধ্রপ্রদেশে ফের গ্যাস লিকের ঘটনায় ছড়াল আতঙ্ক। মঙ্গলবার ভোরে ওএনজিসি-র একটি গ্যাস কূপে বড়সড় বিপত্তি ঘটে। গ্যাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় দুর্ঘটনাস্থলের চারপাশের প্রায় এক কিলোমিটার এলাকা দ্রুত খালি করে দেওয়া হয়। নিরাপত্তার স্বার্থে প্রায় ৮০০ জন বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হল, চলতি বছরে এই একই এলাকায় ইতিমধ্যে চারবার গ্যাস লিকের ঘটনা ঘটেছে। একের পর এক এমন দুর্ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ক্রমশ বাড়ছে। বারবার কেন এই বিপর্যয় ঘটছে, তা নিয়েও উঠছে প্রশ্ন।
ওএনজিসির তরফে জানা গিয়েছে, মঙ্গলবার ভোর ৫টা নাগাদ কোনাসিমা জেলার ২১৬ নম্বর জাতীয় সড়কে গেড্ডাডা গ্রামের কাছে একটি গ্যাস কূপে রি-ড্রিলিংয়ের কাজ চলছিল। সেই সময় বিকট শব্দ করে কূপ থেকে গ্যাস বেরতে শুরু করে। অগ্নিকাণ্ডের ঘটনা না ঘটলেও গ্যাসের চাদরে ঢেকে যায় গোটা এলাকা। দ্রুত গ্রামবাসীকে সতর্ক করে এক কিলোমিটার এলাকায় ৪০০ থেকে ৫০০ পরিবারকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে নিরাপদ জায়গায়। লিকেজ সারাইয়ের কাজ চলছে। প্রশাসনের তরফে আশ্বস্ত করে জানানো হয়েছে, সন্ধ্যের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।
জেলাশাসক মহেশকুমার রবিলালা বলেন, “গ্যাস লিক করলেও তা পাশের দিকে না ছড়িয়ে উপরের দিকে উঠে যাচ্ছে। ফলে বিপদের ঝুঁকি বিশেষ নেই। সন্ধ্যের মধ্যে সব ঠিক হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। যদিও সতর্কতা স্বরূপ এলাকাবাসীকে বৈদ্যুতিক যন্ত্র, আলো, গ্যাসের উনুন ব্যবহার করতে বারণ করা হয়েছে। গ্রামবাসীদের দুপুর ও রাতের খাবারের ব্যবস্থা করেছে প্রশাসন।” এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ওএনজিসির শীর্ষ আধিকারিকদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। গ্রামবাসীদের নিরাপত্তাকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
উল্লেখ্য, এই নিয়ে চতুর্থবার কোনাসিমা জেলায় গ্যাস লিকের ঘটনা ঘটল। গত জানুয়ারি মাসে কোনাসিমা জেলার মোরি গ্রামে গ্যাস কূপে ব্লোআউট হয়ে আগুন লেগেছিল। প্রায় ৫ দিন ধরে সেই আগুন জ্বলে। বারবার একই জেলায় গ্যাস লিকের ঘটনায় ONGC-র নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে।
