Abhishek Banerjee | সোনিয়ার অনুষ্ঠানে অভিষেক-প্রিয়াঙ্কার সাক্ষাৎ, বাংলায় জোটের জল্পনা আরও জোরাল?

Abhishek Banerjee
Abhishek Banerjee

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: সোনিয়া গান্ধীর বইপ্রকাশ অনুষ্ঠানে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি ঘিরে নতুন রাজনৈতিক জল্পনা। বিরোধী নেতাদের সঙ্গে সামনের সারিতে দেখা গেল তাঁকে। শুধু তাই নয়, প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গেও কথা বলতে দেখা যায় অভিষেককে। তবে কি দিল্লির এই সৌজন্য সাক্ষাৎ বাংলার রাজনীতিতে কংগ্রেস-তৃণমূল জোটের সম্ভাবনাকে আরও উসকে দিল? উঠছে সেই প্রশ্নই।

বিজেপি বিরোধিতায় কেন্দ্রে কংগ্রেস, বামেরা, কালীঘাট তৃণমূল-সহ অন্যান্য রাজনৈতিক দল একজোট। সম্প্রতি বৈঠকও হয়েছে ইন্ডিয়া জোটের। এদিকে রাজ্যে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস হারার পর দল ভেঙেছে। দলের নাম-প্রতীকও এই মুহূর্তে নেই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। কেন্দ্রে জোটে থাকলেও বাংলার রাজনীতিতে কংগ্রেস-তৃণমূল জোটের বিষয় একবছর আগেও তেমনভাবে ভাবত না কালীঘাট শিবির। কিন্তু এখন বঙ্গ রাজনীতিতে ছবিটা সম্পূর্ণ ভিন্ন। কালীঘাটে নিজের বাড়িতেই কার্যত ভোটে হারার পর দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। এই আবহে মমতাও উপনির্বাচনের সময় জোটের বার্তা দিয়েছিলেন।

বঙ্গে আগামী দিনের নির্বাচনে বিজেপিকে রুখতে কালীঘাট তৃণমূল ও কংগ্রেস জোট বাঁধার সম্ভাবনা কি এদিন আরও একধাপ এগোল? সেই চর্চাও চলছে। এর আগে দিল্লিতে রামলীলা ময়দানে বক্তব্য রাখার শুরুতে মমতা বন্দ্যোপাধ্যায় সোনিয়া গান্ধীকে তাঁর নেত্রী বলে সম্বোধন করেছিলেন। মমতাকেও সোনিয়া যথেষ্ট পছন্দ করেন বলেই রাজনৈতিক মহলের মত। সদ্য প্রকাশিত বইতেও মমতার সম্পর্কে লিখেছেন সনিয়া। ইন্ডিয়া জোটের বৈঠকেও সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীর পাশেই সাধারণত বসতে দেখা যায় মমতাকে। বিধানসভা নির্বাচনে হারের পর কোণঠাসা মমতা, অভিষেক। কালীঘাট তৃণমূলের শক্তি এই মুহূর্তে কতটা? সেই চর্চাও রয়েছে। কংগ্রেসের সঙ্গে জোট হলে এই মুহূর্তে বিজেপির সঙ্গে কতটা লড়াইয়ের ময়দানে থাকবে? সেই প্রশ্ন রয়েছে।

বাংলায় কংগ্রেস-তৃণমূল জোটের সম্ভাবনা ঘিরে জল্পনা বাড়লেও রয়েছে একাধিক রাজনৈতিক সমীকরণ। মমতা বন্দ্যোপাধ্যায়কে আসন ছাড়তে কতটা রাজি হবে কংগ্রেস? অন্যদিকে, তৃণমূলের সঙ্গে জোটে নারাজ সিপিএম। ফলে কংগ্রেস-তৃণমূল কাছাকাছি এলে বামেদের অবস্থান কী হবে, তা নিয়েও প্রশ্ন উঠছে। বিজেপি বিরোধী শিবিরের সম্ভাব্য জোট সমীকরণ শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়, এখন নজর সেদিকেই।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…