
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস সংক্রান্ত মামলায় এবার নয়া আইনি পদক্ষেপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এই মামলায় সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করেছেন তিনি। একইসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের তরফেও পৃথকভাবে ক্যাভিয়েট আবেদন জমা দেওয়া হয়েছে। শীর্ষ আদালতে মামলার শুনানির সময় তাদের বক্তব্যও যাতে গুরুত্ব দিয়ে শোনা হয়, সেই আর্জি জানানো হয়েছে। উল্লেখ্য, ওয়ার্ড পুনর্বিন্যাস সংক্রান্ত মামলায় কলকাতা হাই কোর্ট পুরভোট ঘোষণার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছে। বিচারপতির নির্দেশ, সিঙ্গল বেঞ্চে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কলকাতা পুরসভার ভোটের দিনক্ষণ ঘোষণা করা যাবে না। হাই কোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। এবার সেই মামলার শুনানিতে নিজেদের বক্তব্য জানানোর সুযোগ নিশ্চিত করতেই আগাম ক্যাভিয়েট দাখিল করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেস।
রাজ্যে ক্ষমতার পালাবদলের পরই পুরসভার আসন পুনর্বিন্যাসের সিদ্ধান্ত নিয়েছিল সরকার। কলকাতার পুরসভার ওয়ার্ড ১৪৪ থেকে বাড়িয়ে ২০৯ করার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। যা নিয়ে শুরু থেকেই আপত্তি করেছিল বিরোধী দলগুলি। পরবর্তীকালে তার জল গড়ায় কলকাতা হাই কোর্টে। মামলায় সাফ জানানো হয়, আগে ওয়ার্ড পুনর্বিন্যাস মামলার নিষ্পত্তি হবে, তারপর ভোট। অর্থাৎ কবে পুরভোট হবে, তা এখন প্রশ্নের মুখে। একাধিক পুরসভা ও পুরনিগমে ভোট হয়নি দীর্ঘদিন। পালাবদলের পর একাধিক পুরবোর্ড ভেঙে গিয়েছে, সেখানে দায়িত্ব সামলাচ্ছেন প্রশাসকরা। ফলে দ্রুত ভোট করাতে চাইছিল সরকার। নাহলে বিঘ্নিত হচ্ছে নাগরিক পরিষেবা। শোনা যাচ্ছিল, নভেম্বরের শেষের দিকে হতে পারে নির্বাচন। কিন্তু কলকাতা হাই কোর্টের নির্দেশের ফলে পুরভোটের ভবিষ্যৎ অনিশ্চিয়তায়।
এই পরিস্থিতিতে কলকাতা হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য। পুর ও নগরোন্নয়ন দপ্তরের অতিরিক্ত প্রধান সচিব এই সংক্রান্ত মামলা দায়ের করেন। সূত্রের খবর, খুব শীঘ্রই এই মামলার শুনানি হতে পারে। এরই মধ্যে এবার এই মামলায় যুক্ত হতে চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। আবেদনে দাবি, হাই কোর্টের নির্দেশ আপাতত বহাল থাকুক। একতরফা শুনানি করে যাতে কোনওভাবেই নির্দেশ দেওয়া না হয় তাও জানানো হয়েছে আবেদনে। সবপক্ষের বক্তব্য শুনেই যাতে মামলার শুনানি হয় সেই আবেদনও জানানো হয়েছে।
