Turkey | তুরস্কের স্টিল প্ল্যান্টে বিস্ফোরণের তাণ্ডব, ক্রেন দুর্ঘটনায় মৃত্যু অন্তত ১৭ জনের

Explosion at Turkish steel plant kills at least 16 people
Explosion at Turkish steel plant kills at least 16 people

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: তুরস্কের একটি ইস্পাত কারখানায় ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন অন্তত ১৭ জন। বিস্ফোরণের পর মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে কারখানার বিভিন্ন অংশে। সোমবার পশ্চিম তুরস্কে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় আরও ১৩ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। প্রাথমিক তদন্তে অনুমান, অসাবধানতাবশত একটি ক্রেন কারখানার জ্বলন্ত চুল্লির মধ্যে পড়ে যায়। এর জেরেই ভয়াবহ বিস্ফোরণ ঘটে এবং দ্রুত আগুন ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।

প্রশাসনের তরফে জানা যাচ্ছে, সোমবার দুপুরে তুরস্কের ইজমির প্রদেশের আলিয়াগা জেলায় ‘হাবাস’ নামে এক ইস্পাত কারখানায় এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিক তদন্তের পর স্থানীয় গভর্নর সুলেমান এলবান জানিয়েছেন, বয়লার পরিবর্তনের সময় একটি ক্রেন দুর্ঘটনাবশত চুল্লির মধ্যে পড়ে যায়। সঙ্গে সঙ্গে ব্যাপক বিস্ফোরণ ঘটে। এরপরই আগুন লেগে যায় গোটা কারখানায়। সৌভাগ্যবশত, দুর্ঘটনার মুহূর্তে সেখানে তুলনামূলক কম শ্রমিক ছিলেন। তাই হতাহতের ঘটনা কিছুটা কম। বয়লার পরিবর্তনের জন্য উৎপাদন বন্ধ থাকায় ঘটনার সময় ৩০০ জনের পরিবর্তে মাত্র ২০০ জন ছিলেন।

বিস্ফোরণের জেরে গোটা কারখানায় আগুন ধরে গেলে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। একে একে সেখানে আসে মেডিক্যাল টিম ও উদ্ধারকারী দল। এদিকে, কীভাবে এই দুর্ঘটনা ঘটল তার তদন্তের নির্দেশ দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপেই এর্দোগান। তিনি জানিয়েছেন, এই ঘটনায় কারা দায়ী, কারও গাফিলতির জেরে এই ঘটনা ঘটেছে কী না তা তদন্ত করে দেখা হবে। অপরাধীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…