Kiren Rijiju: রামলীলা ময়দানের ভিড়ের ছবি AI দিয়ে তৈরি? কংগ্রেসকে কটাক্ষ কিরেন রিজিজুর

INDIA bloc's Ramlila Maidan rally
INDIA bloc's Ramlila Maidan rally

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  রামলীলা ময়দানে বিরোধীদের সভায় ঠিক কত মানুষের সমাগম হয়েছিল, তা নিয়ে কংগ্রেস ও বিজেপির মধ্যে রাজনৈতিক চাপানউতোর অব্যাহত। এবার সেই বিতর্কে নতুন করে ঘি ঢাললেন কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। তাঁর অভিযোগ, কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI প্রযুক্তি ব্যবহার করে রামলীলা ময়দানে বিপুল জনসমাগমের ভুয়ো ছবি তৈরি করে তা ছড়িয়ে দিয়েছে কংগ্রেস। শুধু অভিযোগ তুলেই থেমে থাকেননি বিজেপি নেতা। ছবিটি নিয়ে কংগ্রেসকে কটাক্ষও করেছেন তিনি। রিজিজুর দাবি, কৃত্রিমভাবে জনসমাগমের ছবি তৈরি করতে গিয়ে তাতেও ভুল করে বসেছে কংগ্রেসের ‘ন্যারেটিভ টিম’। এই মন্তব্যকে ঘিরে নতুন করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। 

রবিবার, ১ নভেম্বর দিল্লির রামলীলা ময়দানে সভা করে বিরোধী ব্লক INDIA। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR-কে কেন্দ্র করে অনিয়মের প্রতিবাদে এই সভার আয়োজন করা হয়েছিল। বিরোধীদের অভিযোগ, SIR-এর নামে ভোটার তালিকা থেকে বহু মানুষের নাম বাদ দিয়ে নির্বাচনী প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা হচ্ছে। এই প্রক্রিয়াকে 'ভোট চুরি' বলেও আক্রমণ শানিয়েছেন বিরোধী নেতারা। সভায় উপস্থিত ছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব-সহ INDIA ব্লকের একাধিক শীর্ষ নেতা। সভার আগে বিরোধীদের তরফে দাবি করা হয়েছিল, দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ১০ লক্ষ মানুষ এই সমাবেশে যোগ দেবেন। সেই দাবিকে ঘিরেই পরে শুরু হয় রাজনৈতিক চাপানউতোর।

রবিবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ একটি ছবি পোস্ট করেন কিরেন রিজিজু। সেই ছবিতে রামলীলা ময়দানে বিপুল সংখ্যক মানুষের জমায়েত দেখানো হয়েছে। ছবিটি কংগ্রেসের তরফে তৈরি AI-নির্মিত বলে অভিযোগ করেন তিনি। পোস্টের সঙ্গে রিজিজু লেখেন, ‘রামলীলা ময়দান মানুষের ভিড়ে ঠাসা দেখানোর জন্য অন্তত AI-টা ঠিকঠাক ব্যবহার করে ছবিটা বানানো উচিত ছিল কংগ্রেসের।’ তাঁর অভিযোগ, কংগ্রেসের ভুয়ো প্রচারের দল ছবিটিও ঠিকভাবে তৈরি করতে পারেনি। শুধু রিজিজু নন, এই সভার জনসমাগম নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপির অন্য নেতারাও। বিজেপি সাংসদ সম্বিত পাত্র দাবি করেন, সভাস্থলে প্রায় ২৮ হাজার চেয়ার রাখা হয়েছিল। অথচ বিকেল সাড়ে ৩টে থেকে ৪টের মধ্যে তার মধ্যে ৫ থেকে ৭ হাজার চেয়ার ফাঁকা ছিল। তাঁর আরও দাবি, রামলীলা ময়দানের প্রায় ৪০ শতাংশ জায়গা ফাঁকা পড়েছিল। বিরোধীদের ১০ লক্ষ মানুষের জমায়েতের দাবির সঙ্গে বাস্তবের ছবির কোনও মিল নেই বলেও কটাক্ষ করেন তিনি। 

অন্যদিকে, রামলীলা ময়দানের সভাকে বিরোধী ঐক্যের বড় শক্তিপ্রদর্শন হিসেবেই তুলে ধরেছে INDIA ব্লক। সভায় নেতাদের বক্তব্যের মূল নিশানা ছিল নির্বাচন কমিশন এবং কেন্দ্রের বিজেপি সরকার। ফলে একদিকে ভোটার তালিকা সংশোধন নিয়ে রাজনৈতিক সংঘাত, অন্যদিকে সভায় জনসমাগমের সংখ্যা নিয়ে বিজেপি-কংগ্রেসের তরজা— সব মিলিয়ে দিল্লির রামলীলা ময়দানের সভা ঘিরে রাজনৈতিক উত্তাপ আরও বাড়ল। তবে কিরেন রিজিজুর AI-ছবি সংক্রান্ত অভিযোগের পাশাপাশি সভায় প্রকৃত জনসমাগম কত হয়েছিল, তা নিয়ে দুই শিবিরের বক্তব্যে স্পষ্ট মতবিরোধ রয়েছে। 


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…