Mamata Banerjee | ‘যুব প্রজন্মকেই নিতে হবে লড়াইয়ের দায়িত্ব’, রামলীলা থেকে নতুন বার্তা মমতার

Mamata Banerjee
Mamata Banerjee

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:‘ভোটচুরি’র অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে রবিবার দিল্লির রামলীলা ময়দানে বড়সড় সমাবেশ করল বিরোধী ‘ইন্ডি’ জোট। বিরোধী নেতাদের পাশাপাশি কর্মী-সমর্থক ও সাধারণ মানুষের উপস্থিতিতে সরগরম হয়ে ওঠে রাজধানীর এই ময়দান। নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হওয়ার পাশাপাশি ভবিষ্যতের আন্দোলনে যুব প্রজন্মকে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানালেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, এই লড়াইয়ে পড়ুয়া, মহিলা ও জেন জি-সহ তরুণদেরই এগিয়ে আসতে হবে। প্রবীণ নেতৃত্ব তাঁদের পাশে থেকে পথ দেখাবে। মঞ্চ থেকে মমতার স্পষ্ট বার্তা, “যুব প্রজন্ম নেতৃত্ব দিন, আমরা গাইড করব।”

দিল্লিতে তখন বিকেল নেমে এসেছে, কমে এসেছে আলো। কিন্তু রামলীলা ময়দানের ভিড় এতটুকুও কমেনি। এমনই একটা সময়ে বিরোধীদের মঞ্চে বক্তব্য রাখতে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকের এই প্রতিবাদ কর্মসূচি যে মুখ্য নির্বাচন কমিশনারের রক্তচাপ বাড়িয়ে তুলবে, সেই ইঙ্গিত মমতা আগেই দিয়েছিলেন। রবিবার বক্তব্য রাখতে উঠে গোড়া থেকেই ঝাঁজাল সুরে জ্ঞানেশ কুমার ও বিজেপিকে একসারিতে বসিয়ে আক্রমণ করলেন তিনি। মমতার কথায়, ‘‘ভ্যানিশ কুমার, আপনি ভোট ভ্যানিশ করে দিয়েছেন। মানুষের চাকরি, ভোটাধিকার, জীবন সব লুট করেছেন। আমাদের একটাই কথা, আগে ভ্যানিশ হটাও, তারপর অন্য কাজ।” তাঁর আরও অভিযোগ, ‘‘পশ্চিমবঙ্গে ওরা ভোট লুট করেছে। আমি তো হারিনি, আমাকে হারানো হয়েছে। এখন আমাকে গৃহবন্দি করে রেখেছে। জেনে রাখুন, গণতন্ত্রের মাধ্যমে দেশবাসীকে প্রকৃত ভালোবাসা হয়।”

মমতার অভিযোগ, বিজেপি থাকলেই সর্বনাশ হবেই। ভোটচুরি, গণতন্ত্র চুরির পিছনে একমাত্র বিজেপি। তাদের বিদায় নিতেই হবে। এই সমাবেশের একটাই লক্ষ্য এবং সেই লক্ষ্যে লড়াই জারি থাকবে বলে মমতার ঘোষণা, ‘‘ভারত বাঁচান, গণতন্ত্র বাঁচান। আর এই লড়াইয়ে পড়ুয়া, মহিলা, জেন জি সবাই আসুন। যুব প্রজন্ম, আপনারা লড়াইয়ের নেতৃত্ব দিন, আমরা গাইড করব। আর বিচারব্যবস্থার কাছে আর্জি, আরেকটু সক্রিয় হোন, মানুষকে যেন কাঁদতে না হয়।”

এদিন বিরোধী মঞ্চে রাহুল গান্ধীকে বসিয়ে কেন্দ্রবিরোধী প্রতিবাদের নেতৃত্ব দিতে যুব প্রজন্মকে মমতার আহ্বান যথেষ্ট তাৎপর্যপূর্ণ। রাজনৈতিক মহলের একাংশের মত, ‘ইন্ডি’ জোটের নেতৃত্বে সর্বাগ্রে থাকতে চেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সে রাস্তায় তাঁর সবচেয়ে বড় প্রতিপক্ষ কংগ্রেস, আরও সুনির্দিষ্ট করে বললে বিরোধী দলনেতা রাহুল গান্ধী। কিন্তু ছাব্বিশের নির্বাচনে এরাজ্যে ক্ষমতাচ্যুত হওয়ার পর দিল্লিতেও সেই প্রাসঙ্গিকতা অনেকটাই কমেছে। রবিবারই রামলীলা ময়দানে যাওয়ার সময় গাড়িতে রাহুল গান্ধীর পিছনের সারিতে বসেছিলেন মমতা। এবার মঞ্চে যুব প্রজন্মের কথা উল্লেখ করে পক্ষান্তরে কি রাহুলকে গুরুত্ব দিতে চাইলেন না তিনি? তা নতুন করে ভাবনার অবকাশ তৈরি হল।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…