
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:‘ভোটচুরি’র অভিযোগে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে রবিবার দিল্লির রামলীলা ময়দানে শক্তি প্রদর্শনে নামছে বিরোধী ‘ইন্ডি’ জোট। সমাবেশকে ঘিরে রাজধানীজুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। দিল্লি পুলিশের তথ্য অনুযায়ী, সমাবেশ ও মিছিলের রুটে প্রায় ১০ হাজার পুলিশ ও আধাসেনা মোতায়েন থাকছে। রামলীলা ময়দান এবং সংলগ্ন এলাকায় নজরদারির জন্য বসানো হয়েছে প্রায় ২৫০টি হাই-ডেফিনিশন সিসিটিভি ক্যামেরা। এর মধ্যে রয়েছে এআই-প্রযুক্তি নির্ভর ক্যামেরাও। সম্ভাব্য ভিড় সামাল দিতে গোটা এলাকাকে একাধিক নিরাপত্তা জোনে ভাগ করা হয়েছে।
দিল্লি পুলিশের দাবি, রামলীলা ময়দান মোটামোটি ৫০ মানুষের জমায়েতের জন্য যথেষ্ট। কিন্তু আয়োজকদের দাবি, এই প্রতিবাদ কর্মসূচিতে ১০ থেকে ১২ লক্ষ মানুষের জমায়েত হতে চলেছে। সুতরাং ভিড় বেশি হলে গন্তব্যের আগেই তাদের আটকে দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে, এদিন সমাবেশে প্রচুর যানবাহন আসারও সম্ভাবনা রয়েছে। থাকবেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদবরা। এছাড়া আইসার সর্বভারতীয় সভানেত্রী নেহা বোরারও থাকার কথা। তবে সমর্থন জানালেও সমাবেশে যোগ দেবে না ককরোচ জনতা পার্টি (সিজেপি)। শনিবার তা জানিয়ে দিয়েছেন ‘ককরোচ’ নেতা অভিজিৎ দীপকে।
দিল্লি পুলিশ সূত্রে খবর, এদিন রামলীলা এবং সংলগ্ন অঞ্চলে থাকবেন ৩০০০ পুলিশকর্মী এবং ৭ হাজারেরও বেশি আধাসেনার জওয়ান। পাশাপাশি, মজুত রাখা হয়েছে অতিরিক্ত ১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। প্রয়োজনে তাদের নামানো হতে পারে। সবমিলিয়ে বিরোধী কর্মসূচি ঘিরে রবিবার বিশাল ভিড় ও যানজট হতে চলেছে দিল্লিতে। দিনের একটা বড় সময়ে রাস্তাঘাট স্তব্ধ হয়ে যেতে পারে। তা অনুমান করেই আগাম ব্যবস্থা নিচ্ছে পুলিশ-প্রশাসন। বিশেষত জোর দেওয়া হচ্ছে যান নিয়ন্ত্রণে। নিরাপত্তার জন্যও থাকছে বিশেষ ব্যবস্থা। ১৪ টি জোনে সর্বক্ষণ কড়া নজরদারির জন্য মোট উচ্চক্ষমতা সম্পন্ন ক্যামেরা ব্যবহার করা হবে।
দিল্লি ট্রাফিক পুলিশ জানিয়েছে, রবিবার সকাল থেকে পরিস্থিতির উপর নির্ভর করে নেতাজি সুভাষ মার্গ টি-পয়েন্ট, রাজঘাট, দিল্লি গেট, আইটিও এ-পয়েন্ট, আজমেরি গেট রেড লাইট, রঞ্জিত সিং ফ্লাইওভার, ঝান্ডেওয়ালান গোলচত্বর, তুর্কমান গেট এবং মিরদার্ড চক-সহ মধ্য দিল্লির মূল চৌরাস্তা ও মোড়গুলিতে ট্রাফিক ঘুরিয়ে দেওয়া হবে। বাহাদুর শাহ জাফর মার্গ, রাজঘাট-জেএলএন মার্গ, ডিবিজি রোড এবং মিন্টো রোডেও যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। দিল্লি পুলিশের বার্তা, যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ করতে, নির্দিষ্ট পার্কিং এলাকায় যাত্রীদের গাইড করতে এবং রামলীলা ময়দানের চারপাশে যানজট মোকাবিলায় সেন্ট্রাল রেঞ্জ জুড়ে অতিরিক্ত ট্রাফিক কর্মী মোতায়েন করা হচ্ছে।
