
কলকাতা, ৩১ অক্টোবর : পথ প্রদর্শক কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাব। মেয়েদের ফুটবলে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখিয়ে অগ্রণী ভূমিকায় সিএসজেসি ফুটবল স্কুল। ‘মেয়েরা এখন ফুটবলে বিশ্বমঞ্চে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। আগামীতে একদিন এই স্কুলের মেয়েরাও দেশ ও আন্তর্জাতিক স্তরে নিজেদের প্রতিভার স্বাক্ষর রাখবে।’ আশাবাদী কণ্ঠে বললেন ভারতীয় ফুটবলের সোনালি যুগের প্রখ্যাত গোলকিপার তরুণ বসু। শনিবার ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের (সিএসজেসি) উদ্যোগে সগড়ভাঙায় গড়ে ওঠা সিএসজেসি ফুটবল স্কুলের খুদে মহিলা ফুটবলারদের উৎসাহিত করতে উপস্থিত হন প্রাক্তন ফুটবলারদের একঝাঁক তারকা।
এদিকে, এদিনের অনুষ্ঠানে প্রখ্যাত ফুটবলার তরুণ বসু ছাড়াও ছিলেন ভাস্কর গঙ্গোপাধ্যায়, কম্পটন দত্ত, মিহির বসু, বিকাশ পাঁজি, মেহতাব হোসেন ও শান্তি মল্লিক। উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি অর্চিমান ভাদুড়ি এবং ক্রীড়া প্রশাসক চন্দন রায়চৌধুরী। ৩০ জন খুদে ফুটবলারের হাতে কসকোর ফুটবল ও কিট ব্যাগ তুলে দেন প্রাক্তনীরা। তাঁদের মতে, কোনও ক্রীড়া সাংবাদিকদের ক্লাবের উদ্যোগে এমন ফুটবল স্কুল চালানোর নজির ও বিরল এবং দৃষ্টান্তমূলক ঘটনা।
