Gautam Gambhir: ভারতীয় দলের কোচের পদ ছাড়ার আগেই গম্ভীরকে পেতে মরিয়া IPL-এর চার ফ্র্যাঞ্চাইজি!

Gautam Gambhir being targeted by 4 IPL franchises for coach's role
Gautam Gambhir being targeted by 4 IPL franchises for coach's role

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচের পদে গৌতম গম্ভীরের ভবিষ্যৎ নিয়ে গত কয়েক মাস ধরেই নানা জল্পনা তৈরি হয়েছে। ২০২৭ সালের একদিনের বিশ্বকাপ পর্যন্ত তাঁর সঙ্গে চুক্তি থাকলেও, তার আগেই তাঁকে দায়িত্ব থেকে সরানো হতে পারে বলে একাধিকবার জল্পনা ছড়িয়েছে। তবে প্রাক্তন প্রধান নির্বাচক অজিত আগরকর দায়িত্ব ছাড়ার পর গম্ভীরকে ঘিরে সেই আলোচনা কিছুটা স্তিমিত হয়েছে। এরই মধ্যে নতুন করে চর্চায় উঠে এসেছে তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা। একটি রিপোর্টে দাবি করা হয়েছে, ভারতীয় দলের কোচের পদ ছাড়ার আগেই গম্ভীরকে নিজেদের শিবিরে পেতে আগ্রহী হয়ে উঠেছে আইপিএলের অন্তত চারটি ফ্র্যাঞ্চাইজি। তাঁকে দলের মেন্টর কিংবা প্রধান কোচ হিসেবে নিয়োগ করতে আগ্রহী ওই ফ্র্যাঞ্চাইজিগুলি ইতিমধ্যেই যোগাযোগ শুরু করেছে বলে খবর। 

একটি হিন্দি সংবাদপত্রের রিপোর্ট অনুযায়ী, IPL-এর অন্তত চারটি দল গৌতম গম্ভীরকে নিজেদের মেন্টর হিসেবে পেতে চাইছে। ভারতীয় দলের সঙ্গে তাঁর সাফল্য এবং কলকাতা নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন করার অভিজ্ঞতার কারণেই তাঁকে নিয়ে আগ্রহ বেড়েছে ফ্র্যাঞ্চাইজ়িগুলির। এই তালিকায় প্রথমেই রয়েছে কলকাতা নাইট রাইডার্স। গম্ভীরের সঙ্গে কলকাতার সম্পর্ক বেশ পুরনো। ক্রিকেটার হিসেবে KKR-কে নেতৃত্ব দিয়েছেন তিনি। পরে মেন্টর হিসেবেও দায়িত্ব পালন করেছেন। গম্ভীরের অধীনে ২০২৪ সালে ১০ বছর পর IPL চ্যাম্পিয়ন হয় কলকাতা। সেই সাফল্যের পরেই ভারতীয় দলের প্রধান কোচের দায়িত্ব পান গম্ভীর। রিপোর্টে দাবি করা হয়েছে, গম্ভীরকে আবার মেন্টর হিসেবে ফেরাতে আগ্রহী KKR। ২০২৮ সালের IPL থেকে তাঁর সঙ্গে নতুন করে পথ চলা শুরু করতে চায় ফ্র্যাঞ্চাইজ়িটি। 

KKR-এর পাশাপাশি গম্ভীরকে পাওয়ার দৌড়ে রয়েছে রাজস্থান রয়্যালসও। রিপোর্ট অনুযায়ী, কিছু দিন আগে গম্ভীরের সঙ্গে এই বিষয়ে কথাও বলেছে তারা। তবে বাকি দুই ফ্র্যাঞ্চাইজ়ির নাম এখনও প্রকাশ্যে আসেনি। রিপোর্টে দাবি করা হয়েছে, তাদের মধ্যে একটি দল IPL-এর অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজ়ি। ফলে সেই দল চেন্নাই সুপার কিংস, মুম্বই ইন্ডিয়ান্স নাকি অন্য কোনও ফ্র্যাঞ্চাইজ়ি, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। অন্য দলটি এখনও পর্যন্ত IPL খেতাব জিততে পারেনি। তবে এই চারটি দলের আগ্রহের খবর সামনে এলেও, গম্ভীরের সঙ্গে কোনও ফ্র্যাঞ্চাইজ়ির চুক্তি চূড়ান্ত হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত কোনও তথ্য নেই। 

গম্ভীর শেষ পর্যন্ত IPL-এ ফিরবেন কি না, তা এখনও স্পষ্ট নয়। ২০২৪ সালে ভারতীয় দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার সময় তাঁর সঙ্গে ২০২৭ সালের একদিনের বিশ্বকাপ পর্যন্ত চুক্তি করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই হিসেবে বিশ্বকাপ পর্যন্ত তাঁর কোচের দায়িত্বে থাকার কথা। এর পরেও তাঁর চুক্তির মেয়াদ বাড়ানো হবে কি না, তা গুরুত্বপূর্ণ। ২০২৮ সালের অলিম্পিক্সে ক্রিকেট অন্তর্ভুক্ত হওয়ায় সেই প্রতিযোগিতা পর্যন্ত গম্ভীরকে দায়িত্বে রাখার কথা ভাবতে পারে বোর্ড। আবার গম্ভীর নিজেও চুক্তির মেয়াদ বাড়াতে আগ্রহী হবেন কি না, তা এখনও জানা যায়নি। সব মিলিয়ে, ভারতীয় দলের দায়িত্ব ছাড়ার পর গম্ভীরের ভবিষ্যৎ কোন পথে এগোবে, তা নির্ভর করছে বোর্ডের সিদ্ধান্ত এবং তাঁর নিজের ইচ্ছার উপর। আপাতত IPL-এর চারটি দলের আগ্রহের খবর সামনে এলেও, তাঁর প্রত্যাবর্তন নিয়ে নিশ্চিত করে কিছু বলার সময় আসেনি।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…