Kiren Rijiju: অরুণাচল নিয়ে ‘বিকৃত’ ভিডিও প্রচারের অভিযোগ! কংগ্রেসকে ক্ষমা চাইতে বললেন রিজিজু

Union Minister Kiren Rijiju
Union Minister Kiren Rijiju

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: অরুণাচল প্রদেশের একাংশ চিন দখল করে নিয়েছে বলে অভিযোগ তুলেছিল কংগ্রেস। তবে সেই দাবি ঘিরে এবার পালটা চাপে পড়ল হাত শিবির। ভারতীয় সেনার তরফে কংগ্রেসের অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে খারিজ করা হয়েছে। সেনার ব্যাখ্যা, আন্তর্জাতিক সীমান্তের স্বীকৃত এলাকার মধ্যে চিনা গাড়ির যাতায়াত দেখে বিভ্রান্তি তৈরি হয়েছে এবং সেখান থেকেই ভুল ব্যাখ্যা ছড়িয়েছে। এবার এই ইস্যুতে কংগ্রেসকে নিশানা করলেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু। তাঁর দাবি, ভিত্তিহীন খবর ছড়ানোর জন্য কংগ্রেসের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত। 

বিহার কংগ্রেসের মুখপাত্র ঋতু চৌধুরি মঙ্গলবার একটি ভিডিও প্রকাশ করে দাবি করেন, ভারতের ভূখণ্ডে ঢুকে পড়েছে চিনা গাড়ি। কারণ অরুণাচল প্রদেশের ওই এলাকা দখল করে ফেলেছে চিন। আরেক কংগ্রেস কর্মী দাবি করেন, অরুণাচল প্রদেশে মোতায়েন সেনার সঙ্গে যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন। জওয়ানদের কাছে প্রয়োজনীয় সামগ্রী পৌঁছতে দিচ্ছে না চিন। কিন্তু মঙ্গলবার সেনার তরফ থেকে জানানো হয়, সোশাল মিডিয়ায় যে ভিডিও ছড়িয়ে পড়েছে সেটা আসলে ভারত-চিন সীমান্তের ট্রেড পয়েন্ট। সিকিমের নাথু লা পাস সংলগ্ন ওই এলাকায় বৈধভাবেই দুই দেশের ব্যবসায়ীরা গাড়ি নিয়ে চলাফেরা করেন। তাই এই ঘটনাকে চিনা দখলদারি হিসাবে তুলে ধরাটা একেবারেই ভুল। আরেকটি ভাইরাল ভিডিও চিহ্নিত করে সেনার তরফে বলা হয়েছে, ডিপফেক ব্যবহার করে ২০২৩ সালের ২৭ অক্টোবরের ফুটেজটি পালটে দিয়ে ছড়ানো হচ্ছে নেটদুনিয়ায়। সেসময়ে জম্মু-কাশ্মীরে অনুপ্রবেশ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন সেনাকর্তা। কিন্তু সেই ভিডিও বিকৃত করা হচ্ছে।

গোটা বিষয়টি নিয়ে এবার কংগ্রেসকে পালটা দিলেন অরুণাচল প্রদেশের সাংসদ কিরেণ রিজিজু। তাঁর কথায়, ‘গোটা দেশের কাছে ক্ষমা চাওয়া উচিত কংগ্রেসের। এআই দিয়ে বিকৃত ভিডিও বানিয়ে সেনার ভাবমূর্তিতে ওরা কালি ছেটাচ্ছে। এহেন আচরণ তো আমাদের শত্রুদের মতোই নীচ। ভারতের শত্রুদের হয়ে দেশের অন্দরে কাজ চালাচ্ছে কংগ্রেস।’ যদিও হাত শিবিরের শীর্ষ নেতৃত্বের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। 


Kiren Rijiju, Kiren Rijiju Congress Controversy, Congress Fake China Posts, Indian Army Debunks Fake News, China India Border News, Ritu Choudhary Congress, Arunachal Pradesh Border Issue
শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…