BJP MP Manoj Tiwari: দূষণ বিতর্কের মাঝেই যমুনায় ডুব বিজেপি সাংসদের, নদীর জল পান করে দিলেন স্বচ্ছতার বার্তা

BJP MP Manoj Tiwari Takes Yamuna Dip
BJP MP Manoj Tiwari Takes Yamuna Dip

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  প্রতি বছর শীতের মরশুম এলেই দিল্লির যমুনা নদীর দূষণ নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়। নদীর দূষণকে কেন্দ্র করে রাজনৈতিক তরজাও চলে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে। এবার সেই বিতর্কের মাঝেই যমুনার জলে ডুব দিলেন বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি। নদীর জল দূষিত হওয়ার অভিযোগ উড়িয়ে দিয়ে তাঁর দাবি, যমুনায় কুমির থাকতে পারে, কিন্তু দূষণের কোনও চিহ্ন নেই। শুধু তাই নয়, নদীর জল পান করেও নিজের বক্তব্যের স্বপক্ষে বার্তা দেওয়ার চেষ্টা করেন তিনি। পাশাপাশি এই ইস্যুতে আম আদমি পার্টি ও কংগ্রেসকেও কটাক্ষ করতে ছাড়েননি বিজেপি সাংসদ। 

বৃহস্পতিবার দিল্লির সোনিয়া বিহার ঘাট থেকে যমুনায় ঝাঁপ দেন মনোজ। উত্তর-পূর্ব দিল্লির সাংসদ এক্স হ্যান্ডেলে ভিডিও পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে, নদীর জল একেবারে পরিষ্কার। সেখানে দিব্যি সাঁতার কাটছেন মনোজ। ডুব সাঁতার দিয়ে নদীর জল পানও করেছেন। দূষণ নিয়ে প্রশ্ন করতে ‘রিঙ্কিয়া কি পাপা’র জবাব, “এই জলে কিন্তু কুমির থাকতে পারে। কুমির অবশ্য শুধু পরিষ্কার জলেই আসে।” মনোজ আরও মনে করিয়ে দিয়েছেন, নদীর বেশ কয়েকটি এলাকায় ইতিমধ্যেই এসে গিয়েছে পরিযায়ী পাখিরা। তার কারণ যমুনার দূষণ পরিস্থিতির উন্নতি। 

নদীতে স্নান সেরে আপ এবং কংগ্রেস জমানাকে বিঁধতে ভোলেননি মনোজ। বলেছেন, “আপ যখন ক্ষমতায় ছিল তখন হরিয়ানার উপর যমুনা দূষণের দায় চাপাত। বিজেপি ক্ষমতায় এসে মাত্র দেড় বছরের মধ্যেই সব পরিষ্কার করে ফেলেছে।” অন্যদিকে দিল্লি বিজেপির তোপ, গত ২৭ বছরে আপ এবং কংগ্রেস সরকার যা করতে পারেনি, বিজেপি সেটা দু’বছরে করে ফেলেছে। মনোজের চ্যালেঞ্জ, যমুনার জলে এবার সাঁতার কেটে দেখান অরবিন্দ কেজরিওয়াল এবং রাহুল গান্ধী। যদিও আপের দাবি, যমুনার ওই ২৬ কিলোমিটার অংশ বরাবরই পরিষ্কার থাকে। এখনকার তুলনায় আপ জমানায় ওই অংশটি আরও বেশি পরিষ্কার ছিল। প্রসঙ্গত, দিল্লি দূষণ নিয়ে নতুন করে কিছু বলার নেই। নভেম্বর মাস পড়তে না পড়তেই দূষণের সমস্যায় জেরবার হন রাজধানীবাসী। যমুনা দূষণ নিয়েও অভিযোগ ওঠে। দূষণ এতই ভয়াবহ রূপ নেয় যে একসময় ফেনায় ভরে যায় নদী। দিল্লি বিধানসভা নির্বাচনেও বারবার যমুনা দূষণ বড় ইস্যু হয়ে ওঠে। 

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…