
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ঝাড়গ্রামের সার্বিক উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার। জেলার উন্নয়নমূলক কাজের জন্য ৩৪২ কোটি টাকা বরাদ্দের পাশাপাশি লোধা-শবর সম্প্রদায়ের মানুষের জন্য বিশেষ খাবারের প্যাকেটেরও ব্যবস্থা করা হয়েছে। শুক্রবার ঝাড়গ্রামের মানিকপাড়ার লোধা-শবর অধ্যুষিত কালাঝারিয়া গ্রামে দাঁড়িয়ে এই বিশেষ কর্মসূচির সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উল্লেখযোগ্যভাবে, এই প্রথম কোনও মুখ্যমন্ত্রী সরকারি কর্মসূচিতে যোগ দিতে এই গ্রামে এলেন।
রাজ্য বাজেট পেশের সময় জনজাতি গোষ্ঠীর হাতে বিশেষ খাবারের কিট পৌঁছে দেওয়ার কথা ঘোষণা হয়েছিল। এদিন সেই প্রকল্পেরই উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারী জানান, উপজাতি গোষ্ঠীর জন্য এবার প্রতি সপ্তাহে বাড়ি বাড়ি পুষ্টিকর খাবার পৌঁছনো হবে। প্রতিটি বাড়িতে পৌঁছবে কিট। ওই বিশেষ খাবারের প্যাকেটে থাকবে চাল, ডাল, তেল, সয়াবিন। রেশন পরিষেবার বাইরে এটি একটি অতিরিক্ত পরিষেবা। তার ফলে পশ্চিম মেদিনীপুরের ৪৫ হাজার এবং ঝাড়গ্রামের ২৫ হাজার পরিবার উপকৃত হবে বলেই জানান মুখ্যমন্ত্রী।
এছাড়া মুখ্যমন্ত্রী জানান, ঝাড়গ্রামের ২ লক্ষ পড়ুয়াকে ৮০০ টাকা করে এসটি বৃত্তি দেওয়া হবে। বিগত সরকারকে খোঁচা দিয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন, “বিগত সরকার কেন্দ্রের বহু কর্মসূচিতে যুক্ত হয়নি। আগের মুখ্যমন্ত্রী গোটা পশ্চিমাঞ্চলে ৬ কোটি টাকার কাজ করেছে। এই সরকার পশ্চিমাঞ্চলকে বঞ্চিত করবে না। পশ্চিমাঞ্চলের দায়িত্বও আমার হাতেই। আদিবাসী মহিলা সমৃদ্ধি যোজনা চালু হতে চলেছে। আপনাদের ১২৫ দিনের কাজের গ্যারান্টি দিচ্ছি। জবকার্ড নিতে চাইলে নতুন করে পাবেন। এই জেলায় ২ লক্ষ ৭২ হাজার ৯০৩ জন অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন।” ঝাড়গ্রামের উন্নয়নে রাজ্য সরকারের তরফে মোট ৩৪২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আগামী ৬ মাসের মধ্যে জেলাশাসককে ঝাড়গ্রামের সর্বাঙ্গীণ উন্নয়নের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এরপর ১২ নভেম্বর বাদনা পরবে বাঁকুড়ায় যাবেন বলেই আশ্বাস শুভেন্দুর।
