
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বাংলাদেশ সীমান্ত লাগোয়া মুর্শিদাবাদের লালবাগে দুর্গাপুজোর উদ্বোধন করতে গিয়ে এলাকার উন্নয়ন ও নিরাপত্তা নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, এলাকায় গরু পাচার ও মাদকদ্রব্য পাচারের মতো বেআইনি কার্যকলাপ এখন কার্যত বন্ধের মুখে। একই সঙ্গে মুর্শিদাবাদ বিধানসভার বাসিন্দাদের পুজোর উপহার হিসেবে নতুন আইটিআই কলেজ, প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্র, মর্নিং কলেজ চালু এবং হাসপাতালের শয্যাসংখ্যা বাড়ানোর কথা ঘোষণা করেন তিনি। সীমান্ত সুরক্ষা ও অনুপ্রবেশ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “বিএসএফ ও পুলিশ জেলায় একসঙ্গে কাজ করছে। কোনও অবৈধ অনুপ্রবেশ ঘটবে না। গরুপাচার, নেশাসামগ্রী পাচার এখন প্রায় বন্ধ।”
বৃহস্পতিবার মুর্শিদাবাদ বিধানসভার অর্ন্তগত লালবাগে যান মুখ্যমন্ত্রী। লালবাগের বুধাসপাড়া সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো উদ্বোধন করেন তিনি। সেখানেই জানিয়ে দেন, “এই বিধানসভা আমার দায়িত্ব।” সেখানে উপস্থিত প্রশাসনিক কর্তা ব্যক্তিদের থেকে বিধানসভার এলাকায় প্রয়োজনীয় পরিকাঠামো নিয়ে খোঁজ নেন। জিজ্ঞাসা করেন, এই বিধানসভায় আইটিআই কলেজ আছে কি না। তারপরই বলেন, “ডিএম সাহেব জমি দিন।” এই অনুষ্ঠানেই জানিয়ে দিয়েছেন বিধানসভা এলাকায় থাকা কলেজে শুরু হবে গার্লস কলেজ। মর্নিং কলেজ শুরু করার নির্দেশ দেন তিনি। বলেন, “যে কলেজ আছে সেখানে মর্নিং শুরু করুন। অধ্যাপকের অভাব হবে না।” হাসপাতালের বেড বাড়ানোরও কথা বলেন। এলাকায় প্রধানমন্ত্রী জনওষুধি কেন্দ্র তৈরির কথাও বলেছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, “উন্নয়নে অর্থ বাঁধা হবে না। এই কাজগুলি ডিসেম্বরের মধ্যে করতে হবে।”
এলাকায় উন্নয়নের পাশাপাশি বাংলাদেশ লাগোয়া মুর্শিদাবাদ বিধানসভা এলাকার অন্যতম সমস্যা নিয়েও মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী। জানিয়েছেন, মুর্শিদাবাদকে নেশা মুক্ত করতে হবে। এলাকার উন্নতি হলে এখানে পর্যটনের সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছেন তিনি। বলেন, “মুর্শিদাবাদ লাগোয়া সমীন্তে কাঁটাতার দেওয়ার কাজ চলছে। বিএসএফ, পুলিশ জেলায় একসঙ্গে কাজ করছে। কোনও অবৈধ অনুপ্রবেশ ঘটবে না। গরুপাচার নেশাসাগ্রমী পাচার এখন প্রায় বন্ধ।” পাশাপাশি এলাকার মানুষদের নাবালিকা বিবাহ বন্ধ করার আবেদন জানিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। জানিয়েছেন বয়সের আগে বিবাহ দেওয়া অপরাধ।
