
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: দশমী মানেই একদিকে উৎসবের সমাপ্তি, অন্যদিকে বিষাদের সুর। তবে এ বার সেই শেষ মুহূর্তটুকুকেও স্মরণীয় করে তুলতে বিশেষ উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার। সরকারি জেটিতে চেপে গঙ্গাবক্ষে গিয়ে বিসর্জনের দৃশ্য দেখার সুযোগ পাবেন দর্শনার্থীরা। দশমীর দিন কলকাতা ও হাওড়ার বিভিন্ন ঘাটে প্রতিমা নিরঞ্জনের বিশেষ মুহূর্ত চাক্ষুষ করার ব্যবস্থাও করা হবে। ফলে পুজোর শেষ দিনেও উৎসবের আবহ উপভোগ করার পাশাপাশি গঙ্গাবক্ষে বিসর্জনের ঐতিহ্যবাহী দৃশ্য দেখার সুযোগ মিলবে সাধারণ মানুষের।
পশ্চিমবঙ্গ পরিবহণ দপ্তর সূত্রে জানা গিয়েছে, দশমীতে সন্ধ্যা ৬ টা থেকে ৯টা পর্যন্ত সরকারি মিলেনিয়াম জেটিতে দর্শনার্থীদের কলকাতা ও হাওড়ার বিভিন্ন ঘাটে ঘোরানো হবে। গঙ্গাভ্রমণের উদ্দেশে বিকেল ৫টায় দর্শনার্থীদের পৌঁছে যেতে হবে ডব্লুবিটিসি-র মিলেনিয়াম জেটিতে (শিপিং কর্পোরেশনের বিপরীতে)। বিসর্জনের বিশেষ মুহূর্তের সাক্ষী থাকার জন্য জন্য দর্শনার্থীদের মাথাপিছু ভাড়া দিতে হবে ৮০০ টাকা। জেটি ভ্রমণে দর্শনার্থীদের জন্য থাকবে চা বা কফি, স্ন্যাক্স ও ডিনারের ব্যবস্থা।
বারাণসীর আকর্ষণীয় বিষয়গুলির মধ্যে অন্যতম গঙ্গায় নৌকাভ্রমণ করে ঘাট পরিদর্শন। এবার দশমীতে রাজ্যবাসীও ঘাটে ঘাটে ঘুরে বিসর্জনের দৃশ্য উপভোগ করতে পারবেন। কীভাবে বুকিং করবেন? পরিবহণ দপ্তরের যোগযোগ নম্বর হল – ৯৪৩২৫৯৭০৯৮/ ৯৪৩৩০৭২০৭৮। হোয়াটসঅ্যাপ – ৯৮৩০১৭৭০০০। শহর থেকে শহরতলিতে প্যান্ডেল হপিংয়ের জন্য সপ্তমী থেকে নবমী বিশেষ বাস, ট্রাম , লঞ্চের ব্যবস্থাও করেছে রাজ্যের পরিবহণ দপ্তর।
