
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: রাজ্য সরকারের অধীনে থাকা বাসগুলিতে মহিলা যাত্রীদের বিনামূল্যে যাতায়াতের সুযোগ চালু হওয়ার পর উত্তরবঙ্গে মহিলা যাত্রীর সংখ্যা উল্লেখযোগ্য ভাবে বেড়েছে। ফলে বিনামূল্যে পরিষেবা দিতে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম বা এনবিএসটিসির উপর আর্থিক চাপও বাড়ছে। সেই চাপ সামাল দিতে এখনও পর্যন্ত দু’দফায় প্রায় ২৩ কোটি ৭৪ লক্ষ টাকা দিয়েছে রাজ্য সরকার। তবে সেই বরাদ্দও এবার শেষের পথে। এই পরিস্থিতিতে মহিলা যাত্রীদের বিনামূল্যে যাতায়াতের পরিষেবা অব্যাহত রাখতে রাজ্য সরকারের কাছে আরও ২৫ কোটি টাকা চেয়ে আবেদন করেছে এনবিএসটিসি কর্তৃপক্ষ। পুজোর আগে উত্তরবঙ্গের একাধিক রুটে ফের বাস পরিষেবা চালুর সিদ্ধান্তও নেওয়া হয়েছে। কর্তৃপক্ষের দাবি, ওই রুটগুলির বেশির ভাগেই আগে বাস চলত। বিভিন্ন কারণে পরবর্তী সময়ে পরিষেবা বন্ধ হয়ে গিয়েছিল। বর্তমানে যাত্রীদের চাহিদার কথা মাথায় রেখেই ফের সেই রুটগুলিতে বাস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রাষ্ট্রীয় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের ম্যানেজিং ডিরেক্টর অশ্বিনীকুমার রায় জানিয়েছেন, উত্তরবঙ্গ পরিবহণের ক্ষেত্রে আগামী নভেম্বর মাস পর্যন্ত বাসে মহিলা যাত্রীদের বিনামূল্যে সফর করানোর জন্য আরও অন্তত ২৫ কোটি টাকা চেয়ে আবেদন ইতিমধ্যে রাজ্য সরকারের কাছে পাঠানো হয়েছে। দুই ধাপে ইতিমধ্যে ২৩ কোটি ৭৪ লক্ষ টাকা নিগমের কাছে এসে পৌঁছেছে সেই অর্থ বিভিন্ন ডিভিশনে ভাগ করে দেওয়া হয়েছে। আগামীদিনে বেশ কয়েকটি রুটে ফের বাস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই রুট গুলিতে এক সময় বাস চলত, তবে বিভিন্ন কারণে বন্ধ হয়ে রয়েছে, তার মধ্যে দিনহাটায় একাধিক রুট রয়েছে।
নিগম সূত্রে জানা গিয়েছে, মহিলা যাত্রীদের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের বাস ব্যবহারের ক্ষেত্রে জনপ্রিয়তা কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। উৎসবের মরশুমে বিশেষ করে পূজোর সময় আগাম বুকিং দূরপাল্লার বাস গুলোতে হয়েছে তার মধ্যে অধিকাংশ যাত্রী মহিলারা রয়েছেন। এই পরিস্থিতিতে যাত্রীদের পরিষেবা যাতে স্বাভাবিক রাখা যায়, তারজন্যই প্রয়োজনীয় অর্থ চেয়ে কর্তৃপক্ষ আবেদন জানিয়েছে।
