Durgapur News: ‘ক্লাব সবার, রাজনীতি নয়’, কংগ্রেস-সিপিএম-তৃণমূলকে নিয়ে বড় বার্তা বিজেপি বিধায়কের

BJP MLA at Puja inauguration
BJP MLA at Puja inauguration

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  ক্লাবের নিজস্ব পরিচিতি, ঐতিহ্য ও স্বকীয়তা অক্ষুণ্ণ রাখার পাশাপাশি পরিচালন ব্যবস্থায় কোনও রাজনৈতিক দলের হস্তক্ষেপ থাকা উচিত নয় বলে স্পষ্ট বার্তা দিলেন দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, ক্লাবের কর্মকাণ্ড কোনও নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রভাবাধীন হওয়া উচিত নয়। বরং এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের স্বার্থে সব রাজনৈতিক দলের সদস্যদের সমানভাবে কাজ করার সুযোগ দিতে হবে। রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে ক্লাবগুলিকে সামাজিক উন্নয়নের কেন্দ্র হিসেবে গড়ে তোলার পক্ষেই সওয়াল করেন বিজেপি বিধায়ক। 

দুর্গাপুরের ইস্পাত নগরীতে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন হয় মঙ্গলবার, অষ্টমীর রাতে। দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় পুজোর উদ্বোধন করেন। সেখানেই তিনি রাজনৈতিক দলের ঊর্ধ্বে উঠে সকলকে কাজ করার বার্তা দিয়েছেন। ক্লাবের স্বাধীনতা ও রাজনৈতিক প্রভাবমুক্ত পরিবেশ বজায় রাখার উপর বিশেষ গুরুত্ব দেন তিনি। বহু বার অভিযোগ ওঠে, যখন যে রাজনৈতিক দল ক্ষমতায় থাকে, তখন সেই দলেরই নেতৃত্বে পরিচালিত হয় বিভিন্ন ক্লাব। সিপিএম, তৃণমূল কংগ্রেসের আমলে সেই ছবিই দেখা গিয়েছে। এবার কি বিজেপি আমলেও সেই ছবি দেখা যাবে? 

বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় সেই রাজনীতির ছত্রছায়া থেকে ক্লাব, সংগঠনকে বাইরে রাখতে চান। বিধায়কের বার্তা, “ক্লাবকে মুক্ত থাকতে দিন। মুক্ত বাতাসে ক্রীড়া জগতে ও নানারকম সামাজিক কর্মকান্ডে এগিয়ে যাক। ক্লাবে রাজনৈতিক রং লাগাবেন না। ক্লাবে কংগ্রেস, সিপিএম, তৃণমূল, বিজেপি সবাই থাকবে। সকলে মিলে ক্লাবের কর্মকাণ্ডকে সকলের মাঝে তুলে ধরুন। কোনও সমস্যা হলে আমি পাশে থাকব।” দুর্গাপুরেও জগদ্ধাত্রী পুজোয় বেশ জমজমাট আয়োজন হচ্ছে। মানুষজনও আনন্দে মেতে উঠেছেন। কোনওরকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেজন্য নজর রাখার বার্তাও দিয়েছেন বিধায়ক। শুধু তাই নয়, এলাকায় ভিড় নিয়ন্ত্রণে পুলিশের তরফেও নজরদারি বাড়ানো হয়েছে। 

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…