
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ফের বাংলার ৩৪ বছরের বাম শাসন এবং ১৫ বছরের তৃণমূল সরকারের ভূমিকা নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বামেদের নাস্তিকতার রাজনীতি এবং তৃণমূলের ‘জামাত-প্রীতি’কে আক্রমণের নিশানা করে তাঁর অভিযোগ, অতীতের সরকার পুজো-অর্চনার ক্ষেত্রেও বিভাজনের রাজনীতি করত। এমনকী ভাষার অজুহাত তুলে সনাতনীদের মধ্যেও বিভেদ তৈরির চেষ্টা করা হয়েছিল বলে দাবি করেন তিনি।
বৃহস্পতিবার ছটপুজোর প্রাক্কালে হাওড়ার কাজিপাড়ায় একটি অনুষ্ঠানে অংশ নেন মুখ্যমন্ত্রী। ছটের আগে স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই আগের তৃণমূল সরকারকে বিঁধলেন শুভেন্দু। তিনি বললেন, “আগের সরকারের একটাই কাজ ছিল, ভাষার নামে সনাতনীদের মধ্যে বিভেদ তৈরি করা। বিহার, উত্তরপ্রদেশ, মারাঠিদের সব বহিরাগত বলত। আর বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের জামাই আদর করত।” শুভেন্দুর প্রশ্ন, “তৃণমূলের কোনও নেতা তো মুসলিমদের মধ্যে উর্দুভাষী, বাংলাভাষীদের ভাগ করত না। শুধু বিজেপিকে বলত অবাঙালিদের পার্টি।”
তৃণমূলকে বিঁধে মুখ্যমন্ত্রীর অভিযোগ, ১৫ বছর ধরে বাংলার পরম্পরা, ঐতিহ্য সব নষ্ট করেছে। পিতৃপক্ষে কাঁচি নিয়ে বেরোত। রামনবমীতে মিছিলে পাথর ছুঁড়ত।” শুভেন্দুর দাবি, সংখ্যালঘুরাও যে এখন সরকারের পক্ষে সেটা স্পষ্ট হয়েছে নন্দীগ্রাম এবং রেজিনগরের ফলে। বাংলায় মৌলবাদ-জঙ্গিবাদের জায়গা নেই। মুখ্যমন্ত্রী বললেন, “ওরা পুজোর মধ্যেও বিভেদ করত। বলত ছট বিহারের, রামনবমী উত্তরপ্রদেশের, ছট বিহারের। আজ গোটা বিশ্বের সনাতনীরা একসঙ্গে সব পুজো করছে। সনাতনীরা দুর্গাপুজোও করছে, জগদ্ধাত্রী পুজোও করছে, রামনবমীও করবে, ছটপুজোও করছে।” বস্তুত ২০২১ সালের নির্বাচনে বহিরাগত তত্ত্ব তুলে বিজেপিকে পরাস্ত করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও ছাব্বিশে তাঁর সেই অস্ত্রও বিফলে গিয়েছে। সে কথা মনে করিয়ে শুভেন্দু বলেন, “যারা বিভাজন করতে চেয়েছিল, তাঁদের সবাইকে ভেঙে দিয়েছি।”
মুখ্যমন্ত্রীর অভিযোগ, এতদিন সনাতনীদের মধ্যে ভাষার নামে বিভেদ তৈরি করে ১৫ বছর শাসন করেছে। ২০-৩০ হাজার কোটি টাকা দেশের বাইরে পাঠিয়েছে। মুখ্যমন্ত্রীর সাফ কথা, “কাউকে ছাড়ব না। সবাইকে জেলে ঢোকাব। সবে ৬ মাস হয়েছে। আরও অনেক কিছু দেখা বাকি।” শুভেন্দুর হুঁশিয়ারি, “কমিউনিস্ট এবং জামাতি সবাইকে শেষ করব। কাউকে মাথা তুলে দাঁড়াতে দেব না।” তাৎপর্যপূর্ণভাবে ভাষণ শেষের আগে ৩ বার ছটি মাইয়া কি জয় বলতে শোনা গিয়েছে মুখ্যমন্ত্রীকে।
