Amul Hikes Milk Prices: ফের মূল্যবৃদ্ধির ধাক্কা, ২-৪ টাকা বাড়ল আমূল ও মাদার ডেয়ারির দুধের দাম

Amul hikes milk prices from tomorrow
Amul hikes milk prices from tomorrow

 

নয়াদিল্লি, ১২ নভেম্বর : উৎসবের আবহের মাঝেই সাধারণ মধ্যবিত্ত মানুষের দৈনন্দিন সংসার খরচে বড়সড় ধাক্কা দিল দেশের দুই শীর্ষস্থানীয় দুগ্ধজাত পণ্য সরবরাহকারী সংস্থা আমূল এবং মাদার ডেয়ারি। বৃহস্পতিবার থেকেই সারা দেশে এই দুই সংস্থার তরল দুধের দাম লিটার প্রতি ২ টাকা থেকে ৪ টাকা পর্যন্ত বৃদ্ধি পেল। গো-খাদ্য, পশুচারণ, প্যাকেজিং এবং পরিবহণ খাতে ক্রমবর্ধমান ব্যয়ের কারণেই বাধ্য হয়ে দুধের খুচরো মূল্য বাড়ানো হয়েছে বলে উভয় সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে। চলতি বছরে এই নিয়ে দ্বিতীয়বার দুধের দাম বাড়াল সংস্থা দুটি—এর আগে গত মে মাসে এক দফা দাম বৃদ্ধি করা হয়েছিল।

আমূল ব্র্যান্ডের বিপণনকারী সংস্থা ‘গুজরাট কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন’ (জিসিএমএমএফ) এক বিবৃতিতে জানিয়েছে, দেশজুড়ে তাদের তাজা পাউচ দুধের প্রধান ভ্যারিয়েন্টগুলির দাম ৪ থেকে ৫ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। সংশোধিত মূল্য অনুযায়ী:

* সর্বাধিক বিক্রিত ৩ শতাংশ ফ্যাটযুক্ত ‘আমূল তাজা’ (টোন্ড মিল্ক)-এর দাম লিটার প্রতি ২ টাকা (৩.৩ শতাংশ) বাড়ানো হয়েছে।

* ৬ শতাংশ ফ্যাটযুক্ত ফুল ক্রিম ‘আমূল গোল্ড’ দুধের দাম লিটার প্রতি ৪ টাকা (৫.৫ শতাংশ) বৃদ্ধি পেয়েছে।

অন্যদিকে, মাদার ডেয়ারিও বৃহস্পতিবার থেকেই তাদের সমস্ত ধরনের তরল দুধের দাম লিটার প্রতি ২ থেকে ৪ টাকা পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। দিল্লি-এনসিআর সহ সংস্থার বিপণন এলাকাগুলিতে ফুল ক্রিম পাউচ দুধের দাম ৭২ টাকা থেকে বেড়ে লিটার প্রতি ৭৬ টাকা এবং টোন্ড পাউচ দুধের দাম ৬০ টাকা থেকে বেড়ে ৬২ টাকা হয়েছে। এছাড়া গরুর দুধের দাম লিটার প্রতি ৩ টাকা বেড়ে ৬৫ টাকা এবং ডাবল টোন্ড দুধের দাম ২ টাকা বেড়ে ৫৬ টাকায় দাঁড়িয়েছে। দুধ বিক্রির আয়ের প্রায় ৭৫ থেকে ৮০ শতাংশই সরাসরি দুগ্ধচাষিদের দেওয়া হয় বলে জানিয়েছে মাদার ডেয়ারি।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…