Shamik-Suvendu: কলকাতা পুরসভার ২০৯টি ওয়ার্ডে কো-অর্ডিনেটর হবেন বিজেপি নেতারাই! একমত শুভেন্দু-শমীক

Shamik Bhattacharya and Suvendu Adhikari
Shamik Bhattacharya and Suvendu Adhikari

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: কলকাতা পুরসভার পুনর্বিন্যাস হওয়া ২০৯টি ওয়ার্ডে কো-অর্ডিনেটর নিয়োগের ক্ষেত্রে দলীয় নেতাদেরই অগ্রাধিকার দেওয়ার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রস্তাবে সমর্থন জানালেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। ভাইফোঁটার আগের সন্ধ্যায় ভবানীপুরের একাধিক কালীপুজো মণ্ডপ পরিদর্শনের পর শুভেন্দু জানিয়েছিলেন, ৩০ নভেম্বরের পর কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগের প্রয়োজন হলে বিজেপির লোকজনকেই সেই দায়িত্ব দেওয়া হবে। বুধবার দক্ষিণ কলকাতার শরৎ ব্যানার্জি রোডে বোনের বাড়িতে ভাইফোঁটা নিতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন শমীক। কো-অর্ডিনেটর নিয়োগ প্রসঙ্গে তৃণমূল ও বামেদের নিশানা করে তিনি স্পষ্ট জানান, বামেদের পার্টি অফিস থেকে কাউকে কিংবা তৃণমূলের চিহ্নিত দুর্নীতিগ্রস্ত নেতাদের ওই পদে বসানো সম্ভব নয়। তাঁর কথায়, "আমাদের নেতারাই কো-অর্ডিনেটর হবেন।" অর্থাৎ, কলকাতা পুরসভার ওয়ার্ডগুলিতে কো-অর্ডিনেটর নিয়োগের ক্ষেত্রে বিজেপি নিজেদের দলীয় নেতৃত্বের উপরেই ভরসা রাখতে চায়। 

পাশাপাশি শমীক স্পষ্ট করে দিয়েছেন, কো-অর্ডিনেটর বসানোর চিন্তা একদম শেষ পর্যায়ের। সেটা বিজেপির কাম্য নয়। রাজ্য সরকার কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চের রায়ের বিরুদ্ধে পুরভোট চেয়ে সুপ্রিম কোর্টে আপিল করছে। আশা করি শীর্ষ আদালত রায় পুনর্বিবেচনা করবে। তারপর নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক উপায়ে প্রার্থীরা জিতে আসবেন। নির্বাচন হওয়া খুব জরুরি একথা জানিয়ে বলেন, “হাওড়ায় ১৩ বছর নির্বাচন হয়নি। যাঁরা চাইছে না নির্বাচন হোক, তাদের ব্যবস্থা মানুষই করবে।”

কলকাতা ও হাওড়া পুরনিগমের ভোট হওয়ার কথা ছিল ২৮ নভেম্বর। কিন্তু আসন পুনর্বিন্যাসের মামলার জেরে হাই কোর্টের রায়ে পুরভোটের বিজ্ঞপ্তি জারিতে স্থগিতাদেশ দেওয়া হয়েছে। এরপর কালীপুজোর আগের দিন মুখ্যমন্ত্রী বউবাজারে শিল্পমন্ত্রী তাপস রায়ের পুজো উদ্বোধনে এসে ঘোষণা করেন, সুপ্রিম কোর্টে আপিল করা হচ্ছে। সেখানে ৩০ নভেম্বরের মধ্যে জট না কাটলে কো-অর্ডিনেটর নিয়োগ হবে। আর মঙ্গলবার রাতে ভবানীপুরে বলেন, বিজেপির লোকেরাই ওই কো-অর্ডিনেটর হবেন।

এদিন শমীক মুখ্যমন্ত্রীর সেই প্রস্তাবকে সমর্থন করে বলেন, “ভোটের মতো পরিস্থিতি না থাকলে বিকল্প চিন্তা করতেই হবে।” শুভেন্দু ও শমীকের এই প্রস্তাবের বিরোধিতা করেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, “কলকাতায় ইতিমধ্যে নির্বাচিত বোর্ড ভেঙে প্রশাসক বসিয়েছেন। নির্বাচনের বদলে পছন্দের মনোনীত লোক পুরসভা চালান- এটাই ওঁরা চান। তাই সময়ে ভোট না করে দলের লোক বসানোর চেষ্টা করছেন।” এটা বিজেপির পিছনের দরজা দিয়ে পুরসভা নিয়ন্ত্রণের ছক বলে মমতা-তৃণমূল মনে করছে। দলের রাজ্য সাধারণ সম্পাদক বৈশ্বানর চট্টোপাধ্যায়ের চ্যালেঞ্জ, “ওরা ২০৯টি ওয়ার্ডে প্রার্থী পাচ্ছে না। নিরপেক্ষ ভোট হলে গো হারা হারবে। তাই পিছনের দরজা দিয়ে কো-অর্ডিনেটর বসাবে। প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আশুতোষ চট্টোপাধ্যায়ের দাবি, অবৈজ্ঞানিক ডিলিমিটেশনের পর এবার গায়ের জোরে পুরসভা দখলের ছক কষেছে বিজেপি।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…