
কলকাতা, ১২ নভেম্বর : বৃহস্পতিবার সাতসকালে নজিরবিহীন প্রশাসনিক তৎপরতায় চাঞ্চল্য ছড়াল কালীঘাট পটুয়াপাড়ায়। এদিন ভোর থেকেই ১২১ কালীঘাট রোডে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের মূল গেটের বাইরে পৌঁছে যায় কলকাতা পুরসভার বুলডোজার। সাধারণ মানুষের ফুটপাথ দিয়ে চলাফেরার পথ সুগম করতে বাড়ির সামনের ফুটপাথ জুড়ে থাকা অস্থায়ী শেড ও কাঠামো খুলে নেওয়ার কাজ শুরু করে পুরসভা। পুরো প্রক্রিয়াকে ঘিরে যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনের ও পিছনের রাস্তা সহ গোটা পটুয়াপাড়া চত্বরে বিপুল সংখ্যক কলকাতা পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।
পুরসভা ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল থেকেই পুরসভার শীর্ষ আধিকারিক ও কর্মীরা একাধিক গাড়ি ও বুলডোজার নিয়ে কালীঘাট রোডে উপস্থিত হন। এরপরই বাড়ির গেট সংলগ্ন ফুটপাথের ওপর থাকা অস্থায়ী শেডটি খোলার কাজ শুরু হয়। স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের অভিযোগ ছিল, ফুটপাথ জুড়ে এই অস্থায়ী কাঠামো তৈরি থাকার কারণে নিত্যদিন সাধারণ মানুষের চলাফেরায় চরম অসুবিধার সৃষ্টি হচ্ছিল। সেই অভিযোগের ভিত্তিতেই ফুটপাথ দখলমুক্ত করার এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
অন্যদিকে, এই অস্থায়ী কাঠামো প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে জানানো হয়েছে, নিরাপত্তা সংক্রান্ত কারণে রাজ্য পুলিশের ডিরেক্টরেট অফ সিকিউরিটির পক্ষ থেকেই ওই অস্থায়ী শেডটি তৈরি করা হয়েছিল। বুলডোজার অভিযানকে কেন্দ্র করে গোটা এলাকায় সকাল থেকেই কড়া নিরাপত্তা বলয় তৈরি করা হয়। ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে কালীঘাট রোডের একাংশ। এলাকায় যাতে কোনও ধরনের বিশৃঙ্খলা বা জমায়েত তৈরি না হয়, সে জন্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা নিজে দাঁড়িয়ে থেকে পরিস্থিতির ওপর কড়া নজরদারি চালাচ্ছেন। এদিন নিজের অবস্থান স্পষ্ট করে অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্স মাধ্যমে জানান, "যতই বুলডোজার নিয়ে আসা হোক না কেন, কোনও বুলডোজারই আমার কণ্ঠস্বর রোধ করতে পারবে না কিংবা আমার দৃঢ় সংকল্পকে ভাঙতে পারবে না। 'বাংলা বিরোধীদের' বিরুদ্ধে আমার এই লড়াই আগামী দিনেও সমানভাবে জারি থাকবে। আমার শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত আমি না পিছু হটব, না এক ইঞ্চি জমি ছেড়ে দেব।"
উল্লেখ্য, বৃহস্পতিবার ভোর থেকেই ১২১ কালীঘাট রোডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির মূল গেটের বাইরে বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী ও কলকাতা পুলিশের উপস্থিতিতে বুলডোজার নামিয়ে ফুটপাথ সংলগ্ন একটি অস্থায়ী শেড খুলে ফেলার কাজ শুরু হয়। অভিষেকের দফতরের তরফে আগেই জানানো হয়েছিল যে, নিরাপত্তাজনিত কারণে রাজ্য পুলিশের ডিরেক্টরেট অফ সিকিউরিটির পক্ষ থেকেই ওই অস্থায়ী কাঠামোটি তৈরি করা হয়েছিল। সাতসকালের এই বুলডোজার অভিযানের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই কড়া রাজনৈতিক বার্তা রাজ্য রাজনীতিতে নতুন করে পারদ চড়িয়েছে।
No number of bulldozers can silence my voice or break my resolve. I will continue my fight against the Bangla Birodhis. I will neither retreat nor budge an inch until my last breath.
— Abhishek Banerjee (@abhishekaitc) November 12, 2026
