
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ২০২২ সালে লন্ডনে গৌতম হাথিরামানির সঙ্গে রূপকথার মতো বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ‘বেবি ডল’ খ্যাত গায়িকা কণিকা কাপুর। তবে সেই দাম্পত্যের মেয়াদ চার বছরও পেরোল না। বিয়ের চার বছরের মাথায় এবার বিচ্ছেদের পথে হাঁটার সিদ্ধান্ত নিলেন দু’জনে। সোশ্যাল মিডিয়ায় ইনস্টাগ্রাম স্টোরির মাধ্যমে নিজেই এই খবর জানিয়েছেন কণিকা। সেখানে তিনি লেখেন, দীর্ঘ চিন্তাভাবনার পর স্বামী গৌতম হাথিরামানির সঙ্গে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। একই সঙ্গে এই কঠিন সময়ে তাঁদের ব্যক্তিগত পরিসরকে সম্মান জানানো এবং সহানুভূতিশীল থাকার জন্য অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে আবেদন জানিয়েছেন গায়িকা।
কণিকা ও গৌতমের পরিচয় বিয়ের দীর্ঘদিন আগে। প্রায় ১৫ বছরেরও বেশি। বন্ধুত্বের সম্পর্ককে প্রেমে বদলাতে চেয়েছিলেন গৌতম। জানা যায়, ২০১৪ সাল নাগাদ গৌতম বিয়ের প্রস্তাব দিয়েছিলেন কণিকাকে। কিন্তু তিনি রাজি হয়নি। এরপর ২০২০ সালে ফের বিয়ের প্রস্তাব দেন তিনি। বারবার বিয়ের প্রস্তাব পেয়ে এক পর্যায়ে প্রেমে পড়ে যান গায়িকাও। দীর্ঘদিন আগে একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “শুধু গৌতম নয়, ওর গোটা পরিবারই আমায় মেনে নিয়েছে। ভালবেসেছে।” এরপর ২০২২ সালে লন্ডনে স্বপ্নের বিয়ে সারেন তিন সন্তানের মা কণিকা। কিন্তু বিয়েটা স্বপ্নের হলেও টিকল না সংসার। ৪ বছরেই ভাঙল দীর্ঘদিনের সম্পর্ক। এদিন ইনস্টাগ্রাম স্টোরিতে কণিকা লিখেছেন, ‘প্রিয় বন্ধু ও পরিবার, অনেক ভাবনাচিন্তা ও বিবেচনার পর আমি এবং আমার স্বামী আলাদা পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছি। একসঙ্গে কাটানো সময়ের জন্য আমি কৃতজ্ঞ। আগামী দিনের জন্য ওর শুভকামনা রইল।’

উল্লেখ্য, এই প্রথম নয়। এর আগেও বিচ্ছেদের অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছিল গায়িকাকে। ১৯৯৮ সালে মাত্র ১৮ বছর বয়সে এক ব্যবসায়ীকে বিয়ে করেছিলেন কণিকা। তাঁর সঙ্গে সংসার পাতেন লন্ডনেই। তাঁদের ঘরে রয়েছে তিন সন্তান। তার দীর্ঘদিন পর ২০১২ সালে সঙ্গীত জগতে ডেবিউ হয় কণিকার। তবে ২০১৪ সালে গাওয়া ‘বেবি ডল’ গানটি তাঁকে অন্য মাত্রায় জনপ্রিয়তা দিয়েছিল। তার আগে ও পরে বহু কাজ করলেও আজও ‘বেবি ডল’ সকলে একডাকে চেনেন কণিকাকে।
