
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটি টাকার আর্থিক প্রতারণা মামলায় ফের আইনি জটিলতায় জড়ালেন বলিউড অভিনেত্রী নোরা ফতেহি। এই মামলায় এবার তাঁকে সমন পাঠাল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। আগামী ২ নভেম্বর আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে অভিনেত্রীকে। মামলার তৃতীয় চার্জশিটে সাক্ষী হিসেবে নোরার নাম অন্তর্ভুক্ত রয়েছে। সেই সূত্রেই তাঁকে সরকারি সাক্ষী হিসেবে আদালতে উপস্থিত থাকতে বলা হয়েছে।
উল্লেখ্য, প্রতারণার অভিযোগে অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে যোগাযোগ এবং তাঁর কাছ থেকে দামি উপহার নেওয়ার অভিযোগে এর আগেও একাধিকবার তদন্তকারী সংস্থার জেরার মুখে পড়েছেন নোরা। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) থেকে দিল্লি পুলিশ, বিভিন্ন তদন্তকারী সংস্থার প্রশ্নের উত্তর দিতে হয়েছে তাঁকে। এবার সেই মামলাতেই আদালতের নির্দেশে নতুন করে হাজিরা দিতে হবে অভিনেত্রীকে।
গত আগস্ট মাসে সুকেশের একটি চিঠি প্রকাশ্যে আসার পর নোরাকে ঘিরে বিতর্ক আরও বাড়ে। ওই চিঠিতে সুকেশ দাবি করেছিলেন, মরক্কোর কাসাব্লাঙ্কায় বাড়ি কেনার জন্য নোরাকে কয়েক কোটি টাকা দিয়েছিলেন তিনি। শুধু তাই নয়, দামি প্রসাধনী, বিদেশি ব্র্যান্ডের ব্যাগ এবং বিলাসবহুল গাড়ি-সহ একাধিক মূল্যবান উপহার দেওয়ার কথাও উল্লেখ করেছিলেন সুকেশ। পাশাপাশি তাঁদের মধ্যে হওয়া কথোপকথনের কিছু হোয়াটসঅ্যাপ চ্যাটও প্রকাশ্যে এনেছিলেন তিনি। সুকেশের আরও অভিযোগ ছিল, জ্যাকলিন ফার্নান্ডেজের সঙ্গে তাঁর সম্পর্ক ভাঙার জন্য নোরা ক্রমাগত তাঁকে প্রভাবিত করার চেষ্টা করতেন। এমনকী জ্যাকলিনের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে নোরা ঈর্ষান্বিত ছিলেন বলেও দাবি করেন সুকেশ। তাঁর দাবি, নোরা নিয়মিত ফোন করে যোগাযোগ করতেন এবং বিলাসবহুল জীবনযাপনের জন্য আর্থিক সাহায্য চাইতেন। যদিও এই সমস্ত অভিযোগের সত্যতা আদালতে প্রমাণিত হওয়া এখনও বাকি।

অন্যদিকে, এই মামলায় নাম জড়ানোর জেরে দীর্ঘদিন ধরেই মানসিক ও পেশাগত সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়েছে নোরাকে। চলতি বছরের আগস্টে বিষয়টি নিয়ে মুখ খুলে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন অভিনেত্রী। তাঁর দাবি ছিল, সুকেশের সঙ্গে নাম জড়ানোর পর একাধিক বিজ্ঞাপন ও কাজের সুযোগ হারিয়েছেন তিনি। প্রায় দু’বছর ধরে এই ঘটনার প্রভাব তাঁর ব্যক্তিগত জীবন ও কেরিয়ারে পড়েছে বলেও জানিয়েছিলেন নোরা।
প্রসঙ্গত, একই মামলায় বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের নামও জড়িয়েছে। তাঁকেও একাধিকবার তদন্তকারী সংস্থার জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়েছে এবং আদালতে হাজিরা দিতে হয়েছে। এবার নোরাকে সরকারি সাক্ষী হিসেবে আদালতে তলব করায় ২০০ কোটি টাকার এই বহুচর্চিত প্রতারণা মামলায় নতুন করে নজর পড়েছে বলিউডের দিকে। আগামী ২ নভেম্বর আদালতে তাঁর উপস্থিতি ঘিরে তৈরি হয়েছে আগ্রহ।
