
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বিচারব্যবস্থা সম্পর্কে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ উঠেছে ককরোচ জনতা পার্টির নেতা সৌরভ দাসের বিরুদ্ধে। এই অভিযোগকে কেন্দ্র করে মাদ্রাজ হাই কোর্টে দায়ের হয়েছে মামলা। মামলাকারীর আর্জি, সৌরভ দাসের অতীত কর্মকাণ্ড খতিয়ে দেখা হোক। পাশাপাশি তাঁর পাসপোর্ট ও আধার কার্ড বাতিলেরও আবেদন জানানো হয়েছে। এই মামলায় অভিযুক্ত ‘আরশোলা’ নেতা সৌরভ দাস, কেন্দ্রীয় সরকার এবং সমাজমাধ্যমের দুই প্ল্যাটফর্ম এক্স ও ইনস্টাগ্রামকে নোটিস পাঠিয়েছে উচ্চ আদালত। আগামী ছয় সপ্তাহের মধ্যে প্রত্যেককে নিজেদের বক্তব্য জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।
লাইভ ল-এর প্রতিবেদন অনুযায়ী, চেন্নাইয়ের কাঞ্চিপুরমের বাসিন্দা গণেশ কুমার সিজেপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। তিনি অভিযোগ করেছেন, সৌরভ বারবার বিচারব্যবস্থা, দেশের প্রধান বিচারপতি-সহ সুপ্রিম কোর্টের অন্য বিচারপতিদের নিয়ে আপত্তিকর মন্তব্য করছেন। সংবাদিক পরিচয় দেওয়া সিজিপি নেতার অতীত খতিয়ে দেখা হোক। পাশাপাশি তাঁর এক্স ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করার দাবি জানানো হয়েছে। ভবিষ্য়তে যাতে বিচার বিভাগ ও সুপ্রিম কোর্টের বিচারকদের বিরুদ্ধে সৌরভ আর কোনও আপত্তিকর মন্তব্য না করতে পারেন, সেই ব্যবস্থা নেওয়ারও আর্জি জানানো হয়েছে। আবেদনকারীর পক্ষে আইনজীবী বি জগন্নাথ আদালতকে আক্ষেপের সুরে জানান, এর আগেও কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়েছিলেন, কিন্তু কোনও পদক্ষেপ করা হয়নি। কেন তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন, তা ব্যাখ্যা করতে গিয়ে আবেদনকারীর আইনজীবী বলেন, “বিচার বিভাগ সম্পর্কে তিনি (সৌরভ দাস) যেভাবে কথা বলেন, তা আদালত সম্পর্কে কথা বলার সঠিক ধরণ নয়।”
এদিন মামলা উঠেছিল মাদ্রাজ হাই কোর্টের প্রধান বিচারপতি এসএ ধর্মধিকারী এবং বিচারপতি জি অরুল মুরুগানের বেঞ্চে। শুনানি শেষে চেন্নাইয়ের আঞ্চলিক পাসপোর্ট আধিকারিক, ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (ইউআইডিএআই), কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, বিদেশ মন্ত্রক, আইন ও বিচার মন্ত্রক, ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক, ‘এক্স’ ও ইনস্টাগ্রামের সংশ্লিষ্ট কর্তাদের নোটিস জারি করেছে উচ্চ আদালত। আগামী ছয় সপ্তাহের মধ্যে সব পক্ষের কাছ থেকে উত্তর চেয়েছে মাদ্রাজ হাই কোর্টের বেঞ্চ। সৌরভের বিরুদ্ধে মামলার প্রতিক্রিয়ায় সিজেপি নেতা আশুতোষ রাঙ্কার মন্তব্য, এই ঘটনা একটি “সার্বিক লজ্জার মুহূর্ত”।
