
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: হট সিটে বিশেষ অতিথি হিসেবে সইফ আলি খান ও করিনা কাপুরের উপস্থিতি মানেই বিনোদন জগতের নানা অজানা গল্পের ঝুলি। তার উপর সঞ্চালকের আসনে যদি থাকেন স্বয়ং অমিতাভ বচ্চন, তাহলে আড্ডা যে জমজমাট হবে, তা বলাই বাহুল্য। হাসি, মজা ও খুনসুটির মাঝেই এবার ‘কৌন বনেগা ক্রোড়পতি’র মঞ্চে একসঙ্গে হাজির হয়ে দর্শকদের চমকে দিলেন সইফ ও করিনা। আর অমিতাভ বচ্চনের মজাদার প্রশ্নের ফাঁদে পড়েই নিজেদের ব্যক্তিগত জীবনের নানা অজানা কথা ও গোপন গল্প ফাঁস করলেন তারকা দম্পতি। তাঁদের এই বিশেষ পর্ব ঘিরে ইতিমধ্যেই অনুরাগীদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ।
বিগত দু’দশকেরও বেশি সময় ধরে ফিল্ম ইন্ডাস্ট্রির তারকাদের আড্ডা-গসিপ, বিতর্ক আর নানা আলোচনার ঠেক হয়ে উঠেছে বিগ বি’র কুইজ শো। বলিউড তারকারা যেমন এই রিয়ালিটি শোয়ে সিনেমার প্রচার করতে আসেন, তেমনই তাঁদের জীবনশৈলী থেকে অন্দরমহলের সিক্রেট, সবটাই গল্পচ্ছলে ভাগ করে নেন। সিনিয়র বিগ বি’ও খোশমেজাজে সেসব গল্প শুনে নিজস্ব প্রতিক্রিয়া ভাগ করে নেন। এবার ‘কৌন বনেগা ক্রোড়পতি’তে করিনাকে নিয়ে এমন এক অভিজ্ঞতা ভাগ করে নিলেন সইফ যে, যা শুনে হতবাক খোদ সঞ্চালক।

সময়টা ২০০৭ কি ২০০৮ সাল। লাদাখে ‘তাশান’ সিনেমার শুটিং করছিলেন সইফ-করিনা। সইফ জানান, শুটিং টিমের কেউ একজন তাঁকে করিনাকে নিয়ে বাইকে রাইডে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন। কারণ অভিনেত্রীর বাইক রাইড খুবই পছন্দের। সইফও সেইমতো করিনাকে গিয়ে জিজ্ঞেস করেন- ‘তুমি কি বাইক রাইডে যেতে চাও?’ পালটা করিনা জানিয়েছিলেন- ‘হ্যাঁ, আমি বাইক ভালোবাসি’।” তবে এরপরই যা ঘটে, সেটা স্বপ্নেও ভাবেননি সইফ! বলিউড নবাব জানালেন, “আমি করিনাকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছিলাম মাত্র। আর ও প্রতি দু’সেকেন্ড অন্তর আমার পিঠে নখ বসিয়ে বলছিল- ‘থামো, থামো… এত জোরে চালিও না।’ এরপর করিনা জানায়- ‘আমি বাইক রাইড একদমই পছন্দ করি না।'” সইফ-করিনার মুখে এহেন গল্প শুনে হেসে গড়ালেন বিগ বি।
