SFI-ABVP Clash: বইয়ের স্টল ঘিরে এসএফআই-এবিভিপি সংঘাত! হাতাহাতিতে রণক্ষেত্র কলেজ স্ট্রিট

Tension in College Street
Tension in College Street

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  বামপন্থী ও প্রগতিশীল সাহিত্যের পালটা হিসেবে জাতীয়তাবাদী বইয়ের পসরা সাজিয়ে কলেজ স্ট্রিটে হাজির হতে চায় গেরুয়াপন্থী ছাত্র সংগঠন এবিভিপি। এসএফআইয়ের বুকস্টলের ঠিক সামনেই নিজেদের বইয়ের স্টল বসানোর উদ্যোগ ঘিরেই বুধবার সকাল থেকে উত্তেজনা ছড়ায়। দুই ছাত্র সংগঠন এসএফআই ও এবিভিপির সদস্যদের মধ্যে শুরু হয় বচসা, যা ক্রমে হাতাহাতিতে গড়ায়। দু’পক্ষের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে কলেজ স্ট্রিট চত্বর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ব্যারিকেড দিয়ে এলাকা ঘিরে ফেলে। কিন্তু তাতেও উত্তেজনা কমেনি। বরং পুলিশের ব্যারিকেড সরানোর চেষ্টা করতেই এবিভিপি সদস্যদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়। ফলে গোটা এলাকায় আরও অশান্তির পরিবেশ তৈরি হয়। 

পুলিশের অনুমতি নিয়ে মঙ্গলবার সকাল থেকে তিনদিনের জন্য কলেজ স্ট্রিটে মহাবোধি সোসাইটির সামনে ‘মিনি বইমেলা’ কর্মসূচি শুরু করেছিল সিপিএম। মূলত ছাত্র সংগঠন এসএফআইয়ের আয়োজনে বুকস্টলের কাজ চলছিল। কিন্তু পুলিশ আচমকা তাতে বাধা দেয় বলে অভিযোগ। বুকস্টল করতে না পেরে মঙ্গলবার কলেজ স্ট্রিটের রাস্তায় ট্রাম লাইনের উপরই বই সাজিয়ে বসেন এসএফআই সদস্যরা। কিন্তু তা আইনভঙ্গ বলে পুলিশ তুলে দিতে চাইলে সংঘর্ষ শুরু হয়। এনিয়ে মঙ্গলবার প্রায় দিনভর কলেজ স্ট্রিট অশান্ত ছিল। 

কিন্তু বুধবার ছবিটা বদলে গেল। সকালে বামেদের বুকস্টলের সামনেই পালটা বইয়ের স্টল সাজাতে চায় এবিভিপি। এনিয়ে দু’পক্ষ মুখোমুখি সংঘর্ষ জড়িয়ে পড়ে। হাতে বিবেকানন্দের বই, ভারতমাতার ছবি নিয়ে কলেজ স্ট্রিটে বিক্ষোভ দেখাতে শুরু করেন এবিভিপি সদস্যরা। এসএফআইয়ের অভিযোগ, তাদের ব্যানার ছিড়ে মার্ক্স ও লেনিনের বই রাস্তায় ছুড়ে ফেলা হয়। দু’পক্ষকে থামাতে তৎক্ষণাৎ মোতায়েন করা হয় প্রচুর পুলিশ। ব্যারিকেড, গার্ডরেল দিয়ে ঘেরা হয় অকুস্থল। তাতেও পরিবেশ স্বাভাবিক হয়নি। ধস্তাধস্তির মধ্যে এসএফআইয়ের এক সদস্য আহত  হয়ে মাটিতে পড়ে যান। তাঁকে দ্রুত উদ্ধার করা হয়। উলটোদিকে, তাদেরও বুকস্টল করতে দিতে হবে, এই দাবি রাস্তায় শুয়ে বিক্ষোভ দেখান এবিভিপির সদস্যরাও। 

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…