
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর সনাতন সংস্কৃতির চর্চায় নতুন করে জোর দেওয়ার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার জগদ্ধাত্রী পুজোর অষ্টমীতে নেতাজি ইন্ডোরে পাঁচ লক্ষ কণ্ঠে হনুমান চালিশা পাঠের আয়োজন করা হয়। যুব প্রজন্মের বিপুল অংশগ্রহণে উচ্ছ্বাস প্রকাশ করে শুভেন্দু বলেন,‘ওরা দেশে গড়বড় করার চেষ্টা করছে, আপনাদেরই জবাব দিতে হবে।’ তবে একবারও সিপিএমের নাম নেননি তিনি।
শুভেন্দুর ভাষণে মূলত দু’টি অভিমুখ ছিল। প্রথমত হিন্দুত্ব অস্ত্রে শান এবং দ্বিতীয়ত, বাম-তৃণমূলকে এক আসনে বসিয়ে আক্রমণ। ভাষণের শুরুতেই বাংলাকে মাতা কালীর ধরিত্রী বলে উল্লেখ করেন শুভেন্দু। এই রাজ্যেও আচার্য রামভদ্রাচার্য পরিচালিত রমানন্দ মিশনের আশ্রম, গোশালা হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।
সিপিএম ও তৃণমূলকে এক আসনে বসিয়ে তীব্র আক্রমণ করতেও ছাড়েননি শুভেন্দু। সিপিএম ধর্ম পালনে বাধা দিত বলে অভিযোগ তাঁর। শুভেন্দুর কথায়, ‘৩৪ বছর ওরা ধর্ম পালন করতে দিত না। বলত, আমরা নাস্তিক। তার পরে যারা এল, তাদের নেত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলে দিলেন, হিন্দু ধর্ম গন্ধা ধর্ম।’ দু’টি দলই রামমন্দিরের বিরোধিতা করেছিল বলেও দাবি করেন তিনি। শুভেন্দুর কথায়, ‘রামমন্দির হিন্দুদের টাকায় হয়েছিল। আর তৃণমূলনেত্রী পার্ক সার্কাসে মিছিল করে বলেছিলেন, রামমন্দির নেহি চলেগা। মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলেছিলেন।’
নেতাজি ইন্ডোরের অনুষ্ঠানে যুব সমাজের উপস্থিতি দেখে আপ্লুত মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘আপনাদের হাত ধরেই ২০৪৭-এ বিকশিত ভারত গড়ে উঠবে। ভারতকে বিশ্বগুরু হিসেবে প্রতিষ্ঠা করবে নতুন প্রজন্মই।’ নাম না করে সিপিএমের বিরোধিতায় এগিয়ে আসার আহ্বানও জানান মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘একটা দল আছে, তারা নির্বাচনে জেতে না, রামমন্দিরের বিরোধিতা করে, ওরা এখন দেশ গড়বড় করার চেষ্টা করছে।’ শুভেন্দুর কথায়, ‘এদের বিরুদ্ধে নিজের ঘরে বলুন, সোশ্যাল মিডিয়ায় বলুন, রাস্তায় বলুন।’
তৃণমূলের বিরুদ্ধেও মা কালীকে প্রিজন ভ্যানে তোলার অভিযোগ করে শুভেন্দু বলেন, ‘২০২৫-এ কাকদ্বীপে মাকালীকে প্রিজ়ন ভ্যানে তোলা হয়েছিল। আর মহালয়াতে তৃণমূল নেত্রীকেই প্রিজ়ন ভ্যানে তুলল দিল্লি পুলিশ।’ বাংলার হিন্দু ভাইবোনেরা স্বাধীন ভাবে ধর্মাচরণ করতে পারবেন।
