
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: একসময় একই দলের সহযোদ্ধা ছিলেন তাঁরা। দু’জনেই ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বৃত্তের পরিচিত মুখ। কিন্তু সময়ের সঙ্গে সেই সমীকরণে এসেছে বদল। এখন মদন মিত্র ও কুণাল ঘোষের সংঘাতই রাজনৈতিক মহলে চর্চার কেন্দ্রে। দু’জনেই তৃণমূলের বিধায়ক হলেও তাঁদের রাজনৈতিক অবস্থান ও শিবির নিয়ে নানা আলোচনা রয়েছে। একদিকে কুণাল ঘোষের অভিযোগ, তাঁকে ‘বিলো দ্য বেল্ট’ আক্রমণ করা হচ্ছে। অন্যদিকে পাল্টা জবাব দিতে গিয়ে মদন মিত্রের কটাক্ষ, “কুণালের অভ্যাসই হল কথাকে ঘুরিয়ে বলা।” একসময় একই রাজনৈতিক শিবিরে থাকা দুই নেতার এই বাকযুদ্ধ ঘিরে নতুন করে সরগরম রাজ্য রাজনীতি।
তরজার সূত্রপাত গত শুক্রবার। প্রয়াত কংগ্রেস নেতা প্রিয়রঞ্জন দাসমুন্সির মূর্তি উন্মোচন অনুষ্ঠানে বিবাদি বাগে উপস্থিত ছিলেন প্রায় সব বিরোধী দলের নেতারাই। সেখানে কুণাল ঘোষ এবং NCPI সাংসদ প্রসূণ বন্দ্যোপাধ্যায়ের মধ্যে কথোপকথন সকলের নজর কাড়ে। তৈরি হয় তাঁর ঘরওয়াপসির জল্পনাও। কুণাল এ সম্পর্কে বলেন, 'ধোপাবাড়ির রাজনীতি প্রসূণদাকে মানায় না। উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো সৈনিক উনি। ভুল হয়েছে প্রসূণদা স্বীকার করেছেন।' যদিও সে সম্ভাবনায় জল ঢেলে দেন NCPI সাংসদ। আর গোটা ঘটনা নিয়ে কুণালকে 'পাল্টিবাজ' বলে সম্বোধন করেন মদন মিত্র। গণতান্ত্রিক তৃণমূলের এই বিধায়ক বলেন, 'প্রতি ৩০ সেকেন্ডে কুণাল ঘোষ পাল্টি খান। ওঁর পুলিশের গাড়ি বাজাতেও সময় লাগে না, মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কিছু বলতেও সময় লাগে না। সকলেই জানেন উনি কী বলেছিলেন।'
এরপর সাংবাদিক বৈঠকে মদন সম্পর্কে কার্যত 'বিলো দ্য বেল্ট' আক্রমণ করেন মমতা তৃণমূলের সাংসদ। অশালীন শব্দের ব্যবহার শোনা যায় কুণালের মুখে। তিনি বলেন, 'লজ্জা করে না, এতবড় বয়সে সার্কাসের মতো জামাকাপড় আর সানগ্লাস পরে ঘোরেন। বিলো দ্য বেল্ট’ কাকে বলে জানো না। দাদা বল, বিকেলে খারাপ কথা বলে রাতেও যখন ফোন করো আমি সেই ফোন ধরি। মিস করলে রিং ব্যাক করি।' কুণালের দাবি, ফোন করে মমতা বন্দ্যোপাধ্যায়কে ম্যানেজ করার দাবিও করেছেন মদন। তাঁর বক্তব্য, 'মদনদাকে অনেক দিন ধরে চিনি। সকালে আমাদের বিরুদ্ধে কোনও বক্তব্য রাখলে, রাতে ফোন করেন। আপনি আপনার বাড়ির লোককে ED ডেকে পাঠিয়েছে বলে অবস্থান বদল করেছেন।' তিনি আরও একধাপ এগিয়ে হুঁশিয়ারির সুরেই বলেন, 'ফালতু ঘাঁটাতে যেও না, কুণাল পার্সোনাল অ্যাটাক করলে ২৪ ঘণ্টার মধ্যে মুখ দেখাতে পারবে না। বৌদি আছে, ছেলেদের পছন্দ করি, নাতি হয়ে গিয়েছে। এমন আক্রমণ আনব না, বাড়ি শুদ্ধ মুখ দেখাতে পারবে না মদনদা। ব্যক্তিগত আক্রমণ করলে কুণাল কী জিনিস বোঝাতে ১ সেকেন্ড লাগবে না। আমায় ভালোবাসলে জুতো পালিশও করে দিতে পারি।' চুপ থাকেননি কামারহাটির বিধায়কও। চ্যালেঞ্জ ছুড়ে বলেন, 'আমি বুঝতে পারছি না, ওঁ বিলো দ্য বেল্ট বলতে কী বোঝাচ্ছে? প্যান্ট-জামা যেখান থেকে পরি, তার তলায় মারবে? সেটা খুব অশালীন ব্যাপার হবে। ওঁ কি বক্সার হয়ে গেল নাকি?' তাঁর সংযোজন, 'আমার এত অধঃপতন হয়নি, মানুষকে ছেড়ে কুণাল ঘোষকে আক্রমণ করতে যাব। কারণ আর যা-ই হোক, মানুষের সঙ্গে লড়াই করা যায়, চতুষ্পদ কেউ হলে তার সঙ্গে লড়াই করা যায় না।' সব মিলিয়ে দুই প্রাক্তন দলীয় সতীর্থের এই তরজা এবং অপশব্দ প্রয়োগ রাজনীতির মহলে এখন জোর চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
