
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ক্ষমতায় আসার পর থেকেই বিজেপির নিচুতলার একাংশের বিরুদ্ধে তোলাবাজি ও দখলদারির অভিযোগ ঘিরে অস্বস্তি বাড়ছে গেরুয়া শিবিরে। এবার পানিহাটিতে ব্যবসায়ীকে মারধরের প্রতিবাদ করতে গিয়ে বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় কাঠগড়ায় দলেরই যুব মোর্চার নেতা। এমন পরিস্থিতিতে দলের নেতা-কর্মীদের সংযত হওয়ার কড়া বার্তা দিলেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তাঁর স্পষ্ট নির্দেশ, “থানায় বেশি যাওয়ার দরকার নেই, মানুষের কাছে যান। মানুষই শেষ কথা।”
শমীকের আরও অভিযোগ, আদিবাসীদের নিয়ে দীর্ঘদিন ভোটব্যাঙ্কের রাজনীতি হয়েছে। কিন্তু মানুষ সেই রাজনীতি প্রত্যাখ্যান করেছে। তৃণমূলকে তাঁর কটাক্ষ, গত ১৫ বছর রাজ্যে আর এক ‘ভগবান’-এর কথা শোনা গিয়েছে। নিউ আলিপুরে ভগবান বিরসা মুন্ডা গাছের তলায় থাকেন, আর অন্য ‘ভগবান’ সুসজ্জিত বাড়িতে থাকতেন। ধর্মান্তকরণ নিয়েও কড়া হুঁশিয়ারি দিয়েছেন। ব্রিটিশ আমলে আদিবাসী জনজাতিদের উপর অবিচার, ধর্মান্তকরণে বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন বিরসা। সেই কথা স্মরণ করিয়ে ফের একবার কড়া হুঁশিয়ারি দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি।
বেসরকারি একটি স্কুলের প্রসঙ্গ টেনে বলেন, সেখানের এক শিক্ষিকাকে বিজেপির মিছিলে দেখা যায়। পরে স্কুলেরই এক শিক্ষক তাঁকে গেরুয়া পোশাক পরতে বাধা দেন। রাজ্যের বেশ কিছু জেলায় এখনও খ্রিস্টান মিশনারির নামে ধর্ম পরিবর্তনের চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ শমীকের। তাঁর দাবি, হিন্দুদের ধর্মান্তকরণের কাজ করছেন একজন নামী খিষ্টান কলেজের অধ্যক্ষ। জোর করে এমন কাজ করলে ‘ভাগ্যে অন্য কিছু লেখা থাকবে’ বলে হুঁশিয়ারি দিয়েছেন শমীক। বলেছেন, সরকার চুপ থাকবে না। সঙ্গে এও বলেন, গেরুয়ার অপমান হলে কোনওভাবেই বরদাস্ত হবে না। তাঁর কথায়, “গৈরিকের সমালোচনা করলে ছেড়ে কথা বলব না।”
