
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বনগাঁ বিজেপির অন্দরে ক্রমশ মাথাচাড়া দিচ্ছে বিভাজন ও গোষ্ঠীদ্বন্দ্ব। দলের অভ্যন্তরীণ কোন্দলের বিষয়টি কার্যত প্রকাশ্যে স্বীকার করে নিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর। রবিবার বিকেলে বনগাঁ শহরের নীলদর্পণ অডিটোরিয়ামে আয়োজিত মিলন উৎসবের মঞ্চ থেকে দলের একাংশের পাশাপাশি পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও সরব হন তিনি।
শান্তনুর অভিযোগ, বিজেপি কর্মীরা আক্রান্ত হলেও পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করছে না। তাঁর কথায়, “এখানে বিজেপির কর্মীরা মার খাচ্ছেন। যাঁরা মারছে তাঁরা বিজেপি। পুলিশ প্রশাসন চোখ বন্ধ করে আছে। তাঁরা নিরপেক্ষ ভাবে কাজ করছেন না।” কয়েকজন নেতার কথায় প্রশাসন চলছে বলেও অভিযোগ করেন তিনি। তাঁর হুঁশিয়ারি, “প্রশাসন শিক্ষা দিয়ে ছাড়ব।” দলের অভ্যন্তরীণ বিভাজন নিয়েও সরব হন শান্তনু। তিনি বলেন, “এখানে বিভাজন তৈরি হচ্ছে। তার ফলে বিশাল সমস্যার সৃষ্টি হচ্ছে। আমাদের মধ্যে কিছু মানুষ ক্ষমতা ব্যবহার করে বিজেপি কর্মকর্তাদের উপর হাতিয়ার চালাচ্ছেন। আমি বেঁচে থাকতে এটা হতে দেব না।”
বিধানসভা ভোটের পর বিজেপির একাংশের নেতা তৃণমূল নেতাদের আশ্রয় দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। সেই প্রসঙ্গে শান্তনুর হুঁশিয়ারি, “তৃণমূলের সবকটা সন্ত্রাসীকে গ্যারেজে না ঢোকানো পর্যন্ত আমি রাজনীতি থেকে ইস্তফা দেব না।” মিলন উৎসবের আয়োজনের কারণ হিসেবে সমতার অভাবের কথাও তুলে ধরেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের উদ্যোগে আয়োজিত এই মিলন মেলায় দেখা মেলেনি বনগাঁ উত্তরের বিধায়ক তথা রাজ্যের খাদ্য ও সমবায় মন্ত্রী অশোক কীর্তনীয়া এবং বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি নৃপেন বিশ্বাস। কেন অনুপস্থিত? এ বিষয়ে কেন্দ্রীয় ও রাজ্যের মন্ত্রীর তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
